শাড়ির প্রদর্শনী

সন্ধ্যা তখন রাতের আঁধারে গড়িয়েছে। ঢাকার গুলশান-১-এ আড়ংয়ের শাখা। চলছে শাড়ির মেলা। ইডেন কলেজের শিক্ষার্থী তিশা এসেছিলেন একটা লাল-সাদা শাড়ি কিনবেন বলে। এসেই চোখ ছানাবড়া! এত এত শাড়ি, এত এত রং, সবই তো ভালো লাগছে! শেষমেশ একের বদলে চারখানা শাড়ি কিনলেন। হাসিমুখে বললেন, এবারের বৈশাখ না হয় অন্য রঙেই হলো!
গত ২৮ মার্চ আড়ংয়ের গুলশান ও উত্তরা শাখায় শুরু হয়েছে ‘শাড়ি—দ্য আর্ট অব ড্রেপিং’ নামে শাড়ির প্রদর্শনী মেলা। উদ্বোধন করেন ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক তামারা হাসান আবেদ ও ফ্যাশন ডিজাইনার চন্দ্রশেখর সাহা।
প্রদর্শনী ঘুরে দেখা গেল, জামদানি, সিল্ক, হাফ সিল্ক, রাজশাহী সিল্ক, সুতি, তাঁত, মসলিন, কাতান—সব ধরনের শাড়িই আছে। হাতের কাজের প্রাধান্য রয়েছে শাড়ির নকশায়। একই সঙ্গে প্যাচওয়ার্ক, পুঁতির কাজসহ স্ক্রিনপ্রিন্টও চোখে পড়ল। তবে দেশি শাড়ির সঙ্গে বিদেশি ঢঙের পাড়ের ফিউশন বেশ চমৎকার।
শাড়িগুলোর দাম থাকছে সব শ্রেণীর ক্রেতার নাগালে। এক লাখ পাঁচ হাজার টাকা দামের শাড়ি যেমন আছে, ৬০০ টাকার শাড়িও রাখা আছে সযত্নে। শাড়ির ধরন অনুযায়ী ওঠানামা করবে দাম।
প্রদর্শনী শেষ হবে ৭ এপ্রিল। চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।