১৭ ডিসেম্বর বিকেলে প্রথম আলো কার্যালয়ের সামনে থেকে দুটি মাইক্রোবাস রওনা হয়। একটি উত্তরে, একটি দক্ষিণে। গণিত উৎসবের গাড়ি। ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১২-এর আয়োজন। অন্য যেকোনো বারের চেয়ে এবারের আয়োজনের ব্যাপ্তি বেশি। ১৭টি আঞ্চলিক উৎসবের পর জাতীয় উৎসব। জাতীয় উৎসবের দিনক্ষণ নির্দিষ্ট, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় শুক্র ও শনিবার! প্রতিবছর শেষ আঞ্চলিক উৎসব হয় জানুয়ারির শেষ দিকে। সে উৎসবের বিজয়ীরা জাতীয় উৎসবের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পায় না বলে সব সময় একটু অনুযোগ করে থাকে। এ কারণে এবার জাতীয় উৎসবের এক মাস আগে সব আঞ্চলিক উৎসব শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।দক্ষিণবঙ্গের গাড়িতে আমি যোগ দিয়েছি যশোর থেকে। তার আগে কুষ্টিয়া অঞ্চলের উৎসব শেষ হয়েছে। যশোর, খুলনা আর গোপালগঞ্জের উৎসবে সেই একই চিত্র। ঘন কুয়াশা, গোপালগঞ্জে তো বৃষ্টির মতো কুয়াশা পড়ছিল, কনকনে হাওয়া, দেশের সর্বনিম্ন তাপমাত্রা—এগুলোর কোনোটাই হাজার হাজার খুদে গণিতবিদকে মাঠে জড়ো হওয়া থেকে ঠেকাতে পারেনি। মহেশপুর, চুয়াডাঙ্গা বা ফরিদপুরের জন্য অপেক্ষা করার সময়ও কাউকে অস্থির হতে দেখা যায়নি, কয়েকজন অভিভাবক ছাড়া। ওই অভিভাবকদের একজন বললেন, তাঁর ছেলের কোচিংয়ে পরীক্ষা আছে, তাই তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে ছেলেকে নিয়ে যেতে চান! বাধ্য হয়ে ওই অভিভাবককে বলতে হলো, এটি গণিতের উৎসব, পরীক্ষা নয়! সোয়া ঘণ্টার একটা অলিম্পিয়াড থাকে বটে, তবে সেটি উৎসবের একটি অংশমাত্র, সম্পূর্ণ নয়। আর যদি আমাদের লক্ষ্য হতো কেবল আইএমওর জন্য দল বাছাই, তাহলে আমরা তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য উৎসবের আয়োজন করতাম না। শুধু কয়েকটা স্কুল-কলেজে বাছাই পরীক্ষা নিতে পারতাম। আনন্দের মধ্য দিয়ে গণিতভীতি কাটিয়ে উঠে গণিতকে আনন্দের উৎস হিসেবে ভাবতে শিখছে আমাদের শিক্ষার্থীরা। এসবই আমাদের উৎসবের লক্ষ্য। এবারের উৎসবে অভিভাবকদের অংশগ্রহণ ছিল প্রাণবন্ত। খুলনা ও গোপালগঞ্জে চার শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন। এক মা আমাকে বললেন, ‘কেবল মেয়ের সঙ্গে থাকব বলে আসিনি। এই উৎসব দেখার জন্য প্রতিবছরই আমি আসি।’ ফরিদপুর থেকে এইচএসসি পরীক্ষার্থী ছেলেকে নিয়ে আসা বাবা বললেন, ‘আগামী বছর থেকে ছেলেকে ছাড়াই তিনি উৎসবে আসবেন। কারণ, গত ছয় বছরে এটা তাঁর নিয়মিত উৎসবে পরিণত হয়েছে।’তবে খুলনা বিএল কলেজের সাবেক অধ্যক্ষ গণিতবিদ হারুন অর রশিদ স্যার শিক্ষকদের অংশগ্রহণে অপ্রতুলতায় কিছুটা ক্ষুব্ধ। তিনি মনে করেন, শিক্ষার্থীদের গণিত অলিম্পিয়াডের মতো শিক্ষকদেরও গণিত অলিম্পিয়াড আয়োজন করা উচিত। তিনি আশা করেন, ভবিষ্যতে সরকার এ ধরনের উদ্যোগ নেবে। উল্লেখ্য, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খায়রুল আলম স্যারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উৎসবে উপস্থিত থেকে উৎসবকে মাতিয়ে রাখেন।যশোর, খুলনা, গোপালগঞ্জ হয়ে আমরা যখন আবার ঢাকায় ফিরছি, তখন হারুন অর রশিদ স্যারের প্রস্তাবটি খুবই প্রাসঙ্গিক মনে হয়েছে। গণিত উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতার যে বিকাশ শুরু হয়েছে, শিক্ষকদের জন্য অনুরূপ গণিত অলিম্পিয়াডের আয়োজন করলে তা আমাদের শিক্ষাব্যবস্থায় একটি গুণগত পরিবর্তন ঘটাবে। দেখা যাক, এ বিষয়ে কেউ উদ্যোগ নেয় কি না। সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক।