শিক্ষকদের জন্য বিজ্ঞান ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিসএনার্জি বিজ্ঞান ক্যাম্প
ক্রিসএনার্জি বিজ্ঞান ক্যাম্প

২৩ মে থেকে ঢাকায় শুরু হয়েছে শিক্ষকদের জন্য ‘ক্রিসএনার্জি বিজ্ঞান ক্যাম্প’ শীর্ষক তিনদিনের আবাসিক ক্যাম্প। এতে শিক্ষকদের হাতে-কলমে বিজ্ঞানের নানা বিষয় শেখানোর পাশাপাশি কংগ্রেসের বিভিন্ন বিষয় জানানো হচ্ছে। এ বিজ্ঞান ক্যাম্পে সারাদেশের বিভিন্ন স্কুলের নির্বাচিত শতাধিক বিজ্ঞান শিক্ষক অংশগ্রহণ করছেন। ক্যাম্প চলবে ২৫ মে পর্যন্ত।
এর আগে দেশের মোট ৫৪টি জেলায় ১৯০টি স্কুলে প্রায় ২০ হাজার শিক্ষার্থীর মাঝে পরিচালনা করা হয় বিজ্ঞান কার্যক্রম। শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের গ্রামের বিদ্যালয়ও অনুষ্ঠিত হয়েছে এ কার্যক্রম।
শুক্রবার ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের ভূতপূর্ব অধ্যাপক এ আর খান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, ক্রিসএনার্জি’র প্রোডাকশন অপারেশন ম্যানেজার টেড কুম্ব, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক মুনির হাসানসহ অনেকে।

ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, আমাদের দেশে তিন কোটি স্কুল-শিক্ষার্থী আছে। এরা আমাদের সম্পদ। শিক্ষার্থীদের জ্ঞান কাজে লাগিয়ে আমাদের দেশকে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। বিজ্ঞান বা বিজ্ঞানের শিক্ষার্থীরা দ্রুতগতিতে এগিয়ে নিতে পারবে। তাই আমার বিজ্ঞান শিক্ষকদের প্রতি অনুরোধ থাকল, প্রতিটি স্কুলে যেন বিজ্ঞানের শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পায় সেদিকে নজর রাখার।

টেড কুম্ব বলেন, বিজ্ঞান শিক্ষা প্রতিটি জাতির জন্য গুরুত্বপূর্ণ; আর সেটা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য আরও গুরুত্বপূর্ণ। দেশকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় মনোযোগী করে গড়ে তুলতে হবে।

উল্লেখ্য, সারা দেশের প্রায় ২৫০টি বিদ্যালয়ের বাছাইকৃত শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাকায় আগামী ২৯ ও ৩০ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে দুই দিনের ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক-শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৪’। পরবর্তীতে সেরা ৬০ জন শিক্ষার্থীকে নিয়ে ঢাকায় একটি পাঁচদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ক্যাম্পের আয়োজন করা হবে। এ আয়োজনের মাধ্যমে গুগল সায়েন্স ফেয়ারের পাশাপাশি এবার আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডেও অংশ নেবে বাংলাদেশের খুদে শিক্ষার্থীরা। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির (এসপিএসবি) আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) সহযোগিতায় আয়োজিত এ কংগ্রেসের প্রধান পৃষ্ঠপোষক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড (এফএসআইবিএল)।