শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ড্রপবক্সের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে বিনা মূল্যে ক্লাউডভিত্তিক জায়গা ব্যবহারের জনপ্রিয় সেবা ড্রপবক্স। প্রাথমিকভাবে নিবন্ধন করলে ২ গিগাবাইট জায়গা বিনা মূল্যে পাওয়া যায়। রেফারেল লিংকের মাধ্যমে ১৬ গিগাবাইট পর্যন্ত জায়গা পাওয়া যায় ড্রপবক্সে। বিনা মূল্যে ব্যবহারের এ জায়গা বাড়ানোর সুযোগ নিয়ে চালু হয়েছে ড্রপবক্সের ‘ক্যাম্পাস কাপ’ আয়োজন। শিক্ষার্থী, শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বাড়তি জায়গা পাওয়ার এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীরা সর্বোচ্চ ২৫ গিগাবাইট পর্যন্ত জায়গা বিনা মূল্যে দুই বছর পর্যন্ত ব্যবহারের সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ড্রপবক্সের ব্যবহার বাড়াতে এমন প্রতিযোগিতার উদ্যোগ বলে জানিয়েছে ড্রপবক্স কর্তৃপক্ষ।

এ বিষয়ে ড্রপবক্স জানিয়েছে, ক্যাম্পাস কাপে অংশগ্রহণ করে একজন শিক্ষার্থী নিজের ক্লাসের ‘ড্রপবক্স গুরু’ হয়ে উঠতে পারেন। একই স্থানে ক্লাসের সব প্রকল্প রাখা, ক্লাবভিত্তিক নানা আয়োজন করা, চাকরির দরখাস্ত শেয়ার করাসহ নিজেদের ভবিষ্যতের জীবনবৃত্তান্ত তৈরি ইত্যাদি কাজ সহজ হয়ে যাবে। এ ছাড়া প্রতিযোগিতায় নিজেদের বিশ্ববিদ্যালয়ের যত বেশি শিক্ষার্থী অংশ নেবে সে অনুযায়ী থাকবে বিশেষ র্যাঙ্কিং।
প্রতিযোগিতায় অংশ নিতে শুরুতে ড্রপবক্সে নিবন্ধন করে নিতে হবে। এ জন্য কলেজ-বিশ্ববিদ্যালয়ের কিংবা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ডোমেইনে থাকা ই-মেইল ঠিকানা (“.ac” বা “.edu” ডোমেইন) ব্যবহার করতে হবে। ১৭ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ে সক্রিয় শিক্ষার্থীরাই অংশ নিতে পারবেন। প্রতিযোগিতার বিস্তারিত: www.dropbox.com/campuscup ঠিকানায়। ড্রপবক্স ব্লগ অবলম্বনে