শিক্ষা উপকরণ সহজলভ্য করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা স্বাধীনতা দিবস ২০১৪
শিক্ষা স্বাধীনতা দিবস ২০১৪

বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও পালিত হলো এডুকেশন ফ্রিডম ডে (শিক্ষা স্বাধীনতা দিবস) ২০১৪। ডিজিটাল ফ্রিডম ফাউন্ডেশনের উদ্যোগে জানুয়ারি মাসের তৃতীয় শনিবার দিবসটি পালন করা হয়।
গতকাল শনিবার ঢাকায় শিক্ষা স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও ওপেন নলেজ ফাউন্ডেশন নেটওয়ার্ক (ওকেএফএন) বাংলাদেশের উদ্যোগে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। চলতি বছর এ দিবসের মূল বিষয় ছিল ‘বিনা মূল্যে শিক্ষাবিষয়ক সফটওয়্যার ও মুক্ত শিক্ষাবিষয়ক উপকরণের সহজ প্রাপ্তি’। এ দিবসের অন্যতম লক্ষ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মৌলিক অধিকার শিক্ষা সবার জন্য সুনিশ্চিত করা।
বিডিওএসএনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, মুক্ত শিক্ষাবিষয়ক উপকরণকে সহজলভ্য করতে ইতিমধ্যে বিডিওএসএন যৌথভাবে মুক্ত শিক্ষাবিষয়ক ওয়েবসাইট শিক্ষক ডটকমের (www.shikkhok.com) সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে। অনুষ্ঠানে বক্তব্য দেন ওকেএফএন বাংলাদেশের দূত নুরুন্নবী চৌধুরী, মুক্ত আসরের সভাপতি আবু সাঈদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, প্রকৌশলী মো. আবু তাহেরসহ অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকেরা। অনুষ্ঠান শেষে শিক্ষাবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
দিবসটি উপলক্ষে বিশেষ আয়োজন করে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশন (এফওএসএস)। সাভারের মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ফরিদ আহমেদ, উপাধ্যক্ষ আবু বকর সিদ্দিকী, এফওএসএসের মহাসচিব সাজেদুর রহিম জোয়ারদারসহ অনেকে।