
ধন্যবাদ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড ইউনিয়নকে। আজ আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়ে আমি সত্যি খুব সম্মানিত বোধ করছি। আমি আশ্চর্য হচ্ছি এই ভেবে যে কলাম্বিয়া থেকে উঠে আসা একজন মেয়ে কীভাবে সেই জায়গায় বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেল, যেখানে একসময় নিউটন, চার্চিলের মতো মহান মানুষেরা কথা বলেছেন। মাদার তেরেসার মতো মহৎ কিছু করার সুযোগ তো আমার হয়নি!
কিন্তু একটা দিক থেকে আমি সাহস পাচ্ছি কথা বলার, আর সে দিকটা হলো আমার শিল্পীসত্তা। আমরা শিল্পীরা আমাদের কল্পনার ওপর নির্ভর করি। এখানে আসার সময় আমি আমার অতীতের কথা ভাবছিলাম, একই সঙ্গে কল্পনা করছিলাম আমাদের ভবিষ্যৎ কী রকম হবে। ৫০ বছর পর আমরা পৃথিবীকে কী অবস্থায় দেখব? তখন আমরা নিজেদের কী অবস্থায় দেখব? কোন কোন প্রতিকূলতাকে আমরা অতিক্রম করে যাব? আমাদের বাসস্থান কী রকম হবে?
আমার নিজের একটা ধারণা আছে পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে, যেটা আমি তোমাদের সামনে বলতে চাই। যদি মানবসভ্যতাকে একটা গাড়ির সঙ্গে তুলনা করি, তাহলে আমরা দেখব, অনেক সহস্র বছর ধরে সভ্যতা মাত্র ২০ কিলোমিটার (প্রতি ঘণ্টা) গতিতে এগিয়ে গেছে। কিন্তু বিগত কয়েক শতাব্দীতে সভ্যতার গতিবেগ বেড়ে প্রায় আলোর কাছাকাছি গতিতে পৌঁছে গেছে। কী করে এটা সম্ভব হলো? আমার কাছে এর ব্যাখ্যা হতে পারে কেবল একটি জিনিসই, আর তা হলো শিক্ষার সর্বজনীনতা।
আমি মনেপ্রাণে বিশ্বাস করি, মানবসভ্যতা আরও অনেক দূর এগিয়ে যাবে, যদি শিক্ষাকে পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে দেওয়া যায়, মানুষের বুদ্ধিবৃত্তিক অগ্রযাত্রাকে বিশ্বজনীন করে তোলা যায়। অক্সফোর্ডের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে, তোমাদের মতো শিক্ষার্থীদের সম্মিলনে আমরা এমন একটি নেটওয়ার্ক গড়ে তুলতে পারি, যেটা হয়ে উঠবে মানবজাতির জন্য একটা মুক্ত জ্ঞানভান্ডার। এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা সমগ্র পৃথিবীতে জ্ঞানের বিপ্লব ঘটাতে পারি। পরস্পরকে জাগানো-জানানো, পরস্পরকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই সঙ্গে সমাধান করতে পারি বৈশ্বিক সমস্যাগুলোরও।
গত শতাব্দীতে প্রযুক্তি ক্ষেত্রে আমরা অসাধারণ অগ্রগতি সাধন করেছি। আগামী এক দশকের মধ্যে আমরা এগিয়ে যাব আরও অনেক দূর। আমরা এখন অনুভব করতে পারি, বিশ্বটা আমাদের জন্য ছোট হয়ে এসেছে। তরুণেরাই হলো পরিবর্তনের অগ্রপথিক। আমি বিশ্বাস করি, তরুণেরাই নির্ধারণ করবে আগামী দিনগুলোতে সমাজব্যবস্থা কী রকম হবে। কারণ, সমাজব্যবস্থা বর্তমানে যে গতিতে অগ্রসরমাণ, তাতে করে পৃথিবীতে সর্বজনীন শিক্ষার প্রচলন ঘটাতে আমাদের এক শতাব্দী লেগে যাবে, এক দশকে এটা সম্ভব হবে না। কিন্তু আমাদের কি উচিত এটা মেনে নেওয়া?
পৃথিবীতে বর্তমানে যে পরিমাণ খাদ্যশস্য উৎপাদিত হয়, তাতে করে এর জনসংখ্যার কয়েক গুণ মানুষকে খাওয়ানো সম্ভব। কিন্তু তার পরেও আমাদের শিশুরা অনাহারে মারা যাচ্ছে! এই শিশুরা আরও ১০০ বছর অপেক্ষা করতে পারবে না। এইডস, লিউকেমিয়া, ক্যানসারের মতো রোগে সারা পৃথিবীতে অসংখ্য শিশুর মৃত্যু হচ্ছে। আমাদের উচিত, প্রযুক্তিগত সক্ষমতা, প্রয়োজনীয় ওষুধ নিয়ে এসব শিশুর পাশে দাঁড়ানো। বৈশ্বিক উষ্ণায়নের মতো বিষয়ে আমাদের আন্তর্জাতিক মতৈক্যে পৌঁছাতে হবে। পৃথিবীতে খাদ্যের সুষম বণ্টন নিশ্চিত করতে হবে, যাতে করে একটি শিশুও অভুক্ত অবস্থায় ঘুমাতে না যায়।
আমি জানি, একমাত্র শিক্ষাই পারে আমাদের এসব স্বপ্ন পূরণ করতে। যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, কীভাবে আমি তা জানি? আমি বলব, আমি জানি, কারণ আমি নিজে তা দেখে এসেছি। আমি বেড়ে উঠেছি কলাম্বিয়ায়, যে দেশটি ছিল গৃহযুদ্ধ, নৈরাজ্য ও অসমতায় বিপর্যস্তু। আমার শৈশব কেটেছে একটি উন্নয়নশীল দেশে, যেখানে শিক্ষাকে অধিকার হিসেবে দেখা হয় না, শিক্ষা সেখানে বিলাসবস্তু। শিশুরা সেখানে শিক্ষার জন্য ভিক্ষা করে এবং বাবা-মা নিজের সবকিছু বিসর্জন দেয় সন্তানকে শিক্ষিত করে তোলার জন্য। দারিদ্র্য সেখানে একজনের আজন্ম সংগ্রামের নাম। শিক্ষা না থাকার কারণে সেখানে লাখো মানুষ দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বেরিয়ে আসতে পারছে না।
১৮ বছর বয়সে আমি সিদ্ধান্ত নিই কলাম্বিয়ায় আমার নিজের ফাউন্ডেশন গড়ে তোলার, যেটি শিশুদের শিক্ষা এবং পুষ্টির প্রসারে কাজ করবে। একই সঙ্গে বাবা-মায়েদের দেবে কর্মমুখী প্রশিক্ষণ। আমরা অনেকগুলো স্কুল গড়ে তুলেছি, যেগুলো একই সঙ্গে কমিউনিটি সেন্টার হিসেবেও কাজ করছে। এখানে সংঘাতে সবকিছু হারানো শিশু এবং পরিবারদের আমরা আশ্রয় দিয়েছি। শিশুদের পুষ্টিকর খাবার দিয়ে আমরা তাদের স্কুলে ধরে রাখতেও সফল হয়েছি। আমরা দেখেছি যে সর্বজনীন শিক্ষাব্যবস্থা দারিদ্র্য ও সংঘাতের নিগড়ে আবদ্ধ একটি সমাজেও পরিবর্তন আনতে পারে, দেখাতে পারে শান্তি ও সমৃদ্ধির পথ।
এখানে এসে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই। আমি কিন্তু সেখানে কোনো দাতব্য সংস্থা পরিচালনা করছি না। আমার কাজ হলো মানব প্রতিভায় বিনিয়োগ করা। অবশ্যই নীতিগত ও আদর্শগত দিক থেকে এটা আমার দায়িত্ব। কিন্তু আমি সবাইকে বিশ্বাস করাতে চাই যে অর্থনৈতিক দিক থেকেও এটা কতটা লাভজনক একটি কাজ। মানবজাতির জন্য সর্বজনীন শিক্ষা সর্বমুখী এক আশীর্বাদ। এটিই পারে পৃথিবীর বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নতি অব্যাহত রাখতে।
দুর্বল রাষ্ট্রগুলোতে জঙ্গিবাদ ও নৈরাজ্য তাদের শিকড় বিস্তার করার চেষ্টা করছে। সর্বজনীন শিক্ষাই পারে এ দেশগুলোতে সামাজিক অস্থিরতার প্রশমন ঘটাতে এবং গণতন্ত্রের পথকে সুগম করতে। শিক্ষাবঞ্চিত একটি শিশুর জঙ্গিবাদ কিংবা মিলিশিয়া বাহিনীর সঙ্গে জড়িয়ে পড়ার আশঙ্কা একটি স্কুলগামী শিশুর তুলনায় প্রায় ১০ গুণ। কলাম্বিয়ায় আমরা এমন অনেক শিশুকে স্বাভাবিক পথে ফিরিয়ে এনেছি, একসময় মাদক ব্যবসায় জড়িয়ে পড়া বা গেরিলা বাহিনীতে যোগ দেওয়াই ছিল যাদের নিয়তি। এখন তাদের অনেকেই বিশ্ববিদ্যালয়ে পড়ছে ও স্নাতক হওয়ার সম্মান অর্জন করেছে। এভাবে শিক্ষার দ্বারাই সম্ভব পৃথিবীতে সমৃদ্ধি ও শান্তির প্রসার ঘটানো। একটি শিশুর প্রাথমিক শিক্ষায় এক বছরের বিনিয়োগ, তার কর্মজীবনে পারিশ্রমিকের ১০ থেকে ২০ শতাংশ বৃদ্ধিতে অবদান রাখে। একজন শিশুর শিক্ষায় ব্যয় করা প্রতি ডলারের বিপরীতে সে শিশু তার কর্মজীবনে ১৭ ডলার ফিরিয়ে দেয়। এভাবেই শিশু শিক্ষা অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করে।
আমি শিশুদের সেভাবেই দেখতে চাই। আমি চাই, আমরা যেন আফগানিস্তানে ৩০ হাজার সেনার বদলে ৩০ হাজার শিক্ষাবিদ পাঠাতে পারি। পৃথিবীতে বিশ্বশিক্ষা বিশ্বনিয়ন্ত্রণের চেয়ে অধিক গুরুত্ব পাবে। একমাত্র শিক্ষাই পারে আমাদের সমাজকে উন্নতির দিকে নিয়ে যেতে। শিশুদের যথাযথ শিক্ষা আমাদেরকে বিনিময়ে দেবে দুরারোগ্য রোগের চিকিৎসা অথবা মানবসভ্যতাকে নিয়ে যাবে পৃথিবীর বাইরে।
সবার জন্য শিক্ষা পৃথিবীতে শান্তি নিশ্চিত করবে। তোমরাই ভবিষ্যৎ পৃথিবীর চালকের আসনে বসবে, শিক্ষার মাধ্যমে তোমরাই পৃথিবীর এগিয়ে চলার গতি বাড়িয়ে দেবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ।
সূত্র: ২০০৯ সালে বেয়ার ফুট ফাউন্ডেশনের আমন্ত্রণে অক্সফোর্ড ইউনিয়নে দেওয়া বক্তৃতা। ইংরেজি থেকে অনুবাদ: মনীষ দাশ
পরিচিতি
শাকিরা ইসাবেল মেবারাক রিপল, বিশ্বব্যাপী পরিচিত শাকিরা নামে। তাঁর জন্ম ২ ফেব্রুয়ারি, ১৯৭৭ সালে কলাম্বিয়ার বারাঙ্কুইলা শহরে। একাধারে গায়িকা, গীতিকার, বাদক ও নাচিয়ে এই গুণী শিল্পী তাঁর ক্যারিয়ারে পেয়েছেন গ্র্যামি, গোল্ডেন গ্লোব, আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড, এম টিভি মিউজিক অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার। তাঁর গাওয়া ওয়াকা ওয়াকা ছিল ২০১০ ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল থিম সং এবং ইউটিউবে সর্বাধিক দেখা অষ্টম গান।
সংগীতের পাশাপাশি সমাজসচেতন এই শিল্পী জড়িত অনেক সেবামূলক কাজের সঙ্গেও। নিজ দেশে তিনি গড়ে তুলেছেন পিএজ দেস্কালজস ফাউন্ডেশন, যেটি শিশুদের উন্নতিতে কাজ করছে। এ ছাড়া তিনি যুক্ত আছেন ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের সঙ্গে।