শিক্ষা সনদ জাল করেছেন ইয়াহুর প্রধান নির্বাহী!
অনলাইন সার্ভিস ইয়াহু ইনকরপোরেশনের প্রধান নির্বাহী স্কট থম্পসনের স্নাতকের সনদপত্র ও শিক্ষাগত যোগ্যতা খতিয়ে দেখবে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সম্প্রতি থম্পসনের বিরুদ্ধে সনদ জাল করার ও শিক্ষাগত যোগ্যতার ভুল তথ্য দেবার অভিযোগ উঠেছে। ইয়াহুর শেয়ারহোল্ডার থার্ড পয়েন্ট স্কট থম্পসনের বিরুদ্ধে স্নাতকের সনদপত্রে কাটাছেঁড়ার এই অভিযোগ এনেছে। ইয়াহুর ৫ দশমিক ৮ শতাংশ শেয়ারের মালিক থার্ড পয়েন্ট। এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড্যানিয়েল লোয়েব সম্প্রতি ইয়াহুর প্রধান নির্বাহী হিসেবে নিয়োগপ্রাপ্ত স্কট থম্পসনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ইয়াহু পরিচালনা পর্ষদকে একটি চিঠি লিখেছেন। চিঠিতে লোয়েব উল্লেখ করেছেন, থম্পসন তাঁর শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করেছেন তিনি বোস্টনের স্টোনহিল কলেজ থেকে অ্যাকাউন্টিং ও কম্পিউটার সায়েন্সে স্নাতক সম্পন্ন করেছেন। কিন্তু তাঁর ডিগ্রিটি কেবল অ্যাকাউন্টিংয়ের ওপর। কম্পিউটার সায়েন্স বিষয়ে তাঁর কোনো ডিগ্রি নেই। তাই তার নিয়োগ বৈধ হওয়ার কথা নয়।ইয়াহুর এক মুখপাত্র জানান, প্রধান নির্বাহীর শিক্ষাগত যোগ্যতায় যে গরমিল দেখা গেছে, তা অনিচ্ছাকৃত ভুল। সনদপত্র পরীক্ষার পর তা শেয়ারহোল্ডারদের কাছে পরিষ্কার জানানো হবে। ইন্টারনেট সার্চ ইঞ্জিন ইয়াহু ইনকরপোরেশনের নতুন প্রধান নির্বাহী হিসেবে ০৪ জানুয়ারি বুধবার স্কট থম্পসনের নাম ঘোষণা করে ইয়াহু পরিচালনা পর্ষদ। ৯ জানুয়ারি থেকে তিনি প্রতিষ্ঠানটির দায়িত্ব নেন। দায়িত্ব নেবার পর তিনি ইয়াহুকে লাভে ফেরাতে কর্মী ছাঁটাই, সাইট বন্ধসহ বেশকিছু পদক্ষেপ নেন। তাঁর পদক্ষেপের ফলে দীর্ঘসময় পর চলতি বছরের প্রথম তিন মাসে লাভের মুখ দেখেছে ইয়াহু। ইয়াহুতে প্রধান নির্বাহী হিসেবে যোগ দেবার আগে থম্পসন অনলাইন সেবা ইবের অনলাইন পেমেন্ট বিভাগ পেপলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।২০১১ সালের সেপ্টেম্বর মাসে ইয়াহুর প্রধান নির্বাহী ক্যারল বার্জকে বরখাস্ত করেছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রয় বসটক। পরে ইয়াহু প্রতিষ্ঠাতা জেরি ইয়াং ও চেয়ারম্যান রয় বসটকও ইয়াহু ছেড়ে দেন। ইয়াহুকে নতুন করে ঢেলে সাজাতে পরিচালনা পর্ষদে নতুন সদস্য নিয়োগ করা হয়েছে। ইয়াহুকে ঢেলে সাজাতে বিভিন্ন সিদ্ধান্ত বিষয়ে শেয়ার হোল্ডার থার্ড পয়েন্টের চাপের মুখে রয়েছেন স্কট থম্পসন।