শিক্ষাগুরুর সান্নিধ্যে

যে বই থেকে ভবিষ্যতের চিকিৎসকেরা শিখছেন চিকিৎসাবিদ্যার মূলমন্ত্র, সেই ম্যাক্লেও’স ক্লিনিক্যাল এক্সামিনেশন বইটির অন্যতম সম্পাদক অধ্যাপক কলিন রবার্টসন ঘুরে গেলেন বাংলাদেশে। প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’-এর সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজের মেডেসিন বিভাগ এই আয়োজন করে। রবার্টসন ইউনিভার্সিটি অব এডিনবরার ইমারজেন্সি মেডিসিন ও সার্জারি বিভাগের অধ্যাপক। তিনি ভারতের মুম্বাই, চেন্নাই ও কলকাতা ঘুরে বাংলাদেশে এসেছিলেন ১৩ ফেব্রুয়ারি। ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত শিক্ষক-শিক্ষার্থী মিথোস্ক্রিয়ার সেই পর্বটি ছিল শিক্ষার্থীদের জন্য আনন্দময় শিক্ষার এক ব্যতিক্রমী আয়োজন।
ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী সৈয়দ সামিউল হোসেন বলেন, ‘শিক্ষাদানকে কীভাবে সবচেয়ে আকর্ষণীয় করে তোলা যায়, তার সবচেয়ে ভালো উদাহরণ ছিল এই আয়োজন। জীবনে খুব কম ক্লাসেই আমার মনে হয়েছে যেন এ ক্লাসটি শেষ না হয়, এ দিনের এই শিক্ষাদান পর্বটি তার মধ্যে অন্যতম।’
কলেজের আরেক শিক্ষার্থী তাসমী জ্যোতি বলেন, ‘পুরো পর্বটিতে তাঁর কথা শুনে খুবই ভালো লেগেছে। আমরা তাঁর কাছ থেকে শিখেছি। একজন চিকিৎসকের উচিত একজন রোগীর জায়গায় নিজেকে ভেবে তার চিকিৎসা দেওয়া।’
পুরো পর্বটিতে কলিন রবার্টসন একজন চিকিৎসক হিসেবে প্রথমে একজন রোগীকে মন দিয়ে পর্যবেক্ষণ করার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘শার্লক হোমসকে আমরা পর্যবেক্ষণের মাধ্যমে একটি ঘটনার রহস্য উদ্ঘাটন করতে দেখি। শার্লকের রচয়িতা আর্থার কোনান ডয়েলও ছিলেন একজন মেডিকেল শিক্ষার্থী।’
তিনি চেয়েছেন এ আয়োজনটিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সেখানে শিক্ষক হিসেবে তিনি নিজেই শুধু বলেননি, শিক্ষার্থীদেরও উৎসাহিত করেছেন সেই বিষয়টি নিয়ে কথা বলতে।
আরেক শিক্ষার্থী উর্মিতা দত্ত বলেন, ‘আমরা শুধু গৎবাঁধা উপায়ে রোগ নির্ণয়ের দিকেই বেশি মনোযোগ দিয়ে থাকি, পর্যবেক্ষণের চেষ্টা করি না। কিন্তু তাঁদের দেশে তাঁরা একজন রোগীকে শুরু থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করে তারপর রোগ নির্ণয়ের চেষ্টা করেন। আর এই আয়োজনে আমরা তাঁর প্রশ্নের উত্তরে ঠিক বা ভুল যা-ই বলেছি, তিনি আমাদের পর্যবেক্ষণ করার চেষ্টাকে উৎসাহ দিয়েছেন।’
কলিন রবার্টসন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পর্যবেক্ষণ-ক্ষমতা দেখে বেশ খুশি। সমগ্র আয়োজনে আনন্দিত এখানকার সব অংশগ্রহণকারীই।
কলেজটির আরেক শিক্ষার্থী আবু দাউদ খান বলেন, ‘পুরো আয়োজনটিই ছিল খুব সুন্দর এবং চিরাচরিত অনুষ্ঠানের থেকে সম্পূর্ণ আলাদা। তাঁর কাছ থেকে সত্যিই অনেক কিছু শিখেছি। চিকিৎসক ও শিক্ষক হিসেবে তিনি এখন আমাদের কাছে একজন রোল মডেল।’
আয়োজনটির শেষ অংশে ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে থেকে তিনজনকে ক্লিনিক্যাল এক্সামিনেশন বইয়ের নতুন সংস্করণ উপহার দেওয়া হয়। কলিন রবার্টসন ম্যাক্লেওড’স ক্লিনিক্যাল ডায়াগনোসিস বইটিরও সম্পাদনা করেছেন।