
প্রতিদিন বাড়ছে প্রযুক্তির ওপর নির্ভরতা, আর সেই সঙ্গে বাড়ছে তথ্যপ্রযুক্তি খাতে বিশেষজ্ঞ ও দক্ষ কর্মীর চাহিদা। সেই লক্ষ্যকে সামনে রেখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউট (আইআইটি) উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি করে চলেছে। বাংলাদেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের একমাত্র ব্যাচেলর কোর্সটি আইআইটিতেই করানো হয় বলে তা শিক্ষার্থীদের মধ্যে হয়ে দাঁড়িয়েছে তুমুল আগ্রহের ক্ষেত্র।
২০০৪ সালে চালু হওয়া পোস্ট গ্র্যাজুয়েশন ‘এমআইটি’ কোর্সের পাশাপাশি ২০০৯ সাল থেকে ব্যাচেলর অব সায়েন্স ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (বিএসএসই) গ্র্যাজুয়েশন কোর্সের সূচনা করা হয়। বর্তমানে ক ইউনিট ভর্তি পরীক্ষার মাধ্যমে বিএসএসই কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে।
আইআইটির কার্যক্রম সম্পর্কে কথা হলো ইনস্টিটিউটের পরিচালক মাহবুবুল আলম জোয়ার্দারের সঙ্গে। তাঁর ভাষায়, ‘দেশে-বিদেশে তথ্যপ্রযুক্তি খাতে প্রতিদিন নতুন নতুন কাজের সুযোগ তৈরি হচ্ছে। আইআইটির কোর্স ও কারিকুলাম তাই কর্মমুখী ও তাত্ত্বিক জ্ঞানের সংমিশ্রণেই সাজানো হয়েছে, যেন জাতীয় কিংবা বৈশ্বিক সব ধরনের প্রযুক্তি বাজারে আমাদের শিক্ষার্থীরা ভালো অবস্থানে থাকতে পারে। ব্যাচেলর কোর্সের সপ্তম সেমিস্টারে কোনো না কোনো বহুজাতিক কোম্পানিতে শিক্ষার্থীকে ইন্টার্নশিপ করতে হয়। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে পুরোপুরি কর্মমুখী ও কারিগরি শিক্ষার একমাত্র জায়গা হওয়ায় আইআইটি শিক্ষার্থীদের চাহিদার তালিকায় নিজের শীর্ষ অবস্থান ধরে রেখেছে।’
আইআইটির শিক্ষার্থীরা আন্তর্জাতিক কনফারেন্সে রিসার্চ পেপার পাঠিয়ে থাকে, ইতালি, মালয়েশিয়াসহ বেশ কিছু দেশে তা একাধিকবার পুরস্কৃতও হয়েছে। দেশের অভ্যন্তরীণ আইটি উৎসব ও প্রতিযোগিতাসমূহে নিয়মিত সাফল্য তো রয়েছেই। কোরিয়ান আর্থিক সাহায্যের পাশাপাশি শিখন ও গবেষণার মান সম্পর্কে সার্বক্ষণিক তদারকির জন্য একজন কোরিয়ান ইনস্ট্রাক্টর সব সময় নিযুক্ত থাকেন। বর্তমানে আইআইটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতি উন্নত ওয়াইফাই নেটওয়ার্ক ও অপটিক্যাল ফাইবার স্থাপনসহ ঢাকা ও এর বাইরেও বেশ কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছে।
আইআইটির ভবিষ্যৎ গতিপথ ও সামগ্রিক অবস্থান সম্পর্কে বললেন পরিচালক, ‘বাংলাদেশকে তথ্যপ্রযুক্তিতে শক্তিশালী করে গড়ে তুলতে আইটি ক্ষেত্রের সাফল্যই সবচেয়ে সেরা অনুষঙ্গ। একাডেমিক ও সামাজিক দুই ক্ষেত্রকেই প্রযুক্তিমুখী করা আমাদের মূল প্রতিজ্ঞা, যে লক্ষ্য নিয়েই আইআইটি দায়িত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।’
ব্যাচেলর ও মাস্টার্স কোর্স ছাড়াও আইআইটি পরিচালিত আইসিটি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিসংক্রান্ত প্রয়োজন অনুসারে বিভিন্ন কোর্স করিয়ে থাকে, যা সবার জন্য উন্মুক্ত। বিস্তারিত জানতে পারেন ওয়েবসাইটে: iit.univdhaka.edu