শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি সেবাদাতাদের জন্য নীতিমালা তৈরির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঞ্চমার্কিং অব স্ট্যান্ডার্ড এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক সেমিনারে বক্তারা। ছবি: সংগৃহীত
বেঞ্চমার্কিং অব স্ট্যান্ডার্ড এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক সেমিনারে বক্তারা। ছবি: সংগৃহীত

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সহযোগী হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যার নিয়ে কাজ করছে ৫০টি বেসিস সদস্যভুক্ত প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান এখন পর্যন্ত প্রায় ৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল সার্ভিসের আওতায় নিয়ে এসেছে। বেসিস সফটএক্সপোর শেষ দিনে ‘বেঞ্চমার্কিং অব স্ট্যান্ডার্ড এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক এক সেমিনারে শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি সেবার নানা সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ডিজিটাল করার লক্ষ্যে সরকার এবং মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময় তথ্যপ্রযুক্তি সেবা নেওয়ার জন্য প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি সেবা দেওয়ার কোনো নির্দিষ্ট মানদণ্ড বা নীতিমালা নেই। এ ছাড়া সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কোনো তালিকাও নেই। ফলে এ খাতে প্রতারণার আশঙ্কা রয়েছে। অনেক প্রতিষ্ঠান নিম্নমানের সেবা দেওয়ায় বা অনভিজ্ঞ কোম্পানির দ্বারা মানসম্পন্ন সফটওয়্যার প্রদানে ব্যর্থ হওয়ায় সফটওয়্যার ব্যবহারকারীদের বিরূপ মনোভাব তৈরি হচ্ছে।

সেমিনারে এডুকেশনাল ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সফটওয়্যারের জন্য নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ ও সে অনুযায়ী প্রতিষ্ঠানের তালিকাভুক্তির প্রস্তাব করা হয়। একই সঙ্গে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার চাহিদার সঙ্গে সফটওয়্যারের যেন মিল থাকে সে বিষয়টি তুলে ধরা হয়। এ ছাড়াও সফটওয়্যার বিষয়ক প্রয়োজনীয় দিকনির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যেন দেওয়া যায় তা তুলে ধরা হয়।

বেসিস ডিজিটাল এডুকেশন স্ট্যান্ডিং কমিটি সরকারের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করে দেশকে ডিজিটাল করতে সহায়ক ভূমিকা রাখবেন বলে সেমিনারে উল্লেখ করেন বক্তারা।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইমরুল ইসলাম চৌধুরী। বৈঠকটি সঞ্চালনা করেন বেসিসের ‘স্ট্যান্ডিং কমিটি অন ডিজিটাল এডুকেশনের কো-চেয়ারম্যান এ কে এম আহমেদুল ইসলাম বাবু। আলোচনায় অংশ নেন বেসিসের স্ট্যান্ডিং কমিটি অন ডিজিটাল এডুকেশনের চেয়ারম্যান মো. শাকিব রব্বানী, এরিনাফোন বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের মোহাম্মদ ফজলে রাব্বি, নেটিজেন আইটি লিমিটেডের প্রধান নির্বাহী এইচ রায়হান নোবেল, এস্টিম সফট লিমিটেডের প্রধান নির্বাহী শাহজালাল সোহেলসহ বিভিন্ন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা।