শিক্ষাবিষয়ক ওয়েব পোর্টাল এডুটিউবের যাত্রা শুরু

ভিডিও, ছবি, অ্যানিমেশনভিত্তিক শিক্ষার নানা বিষয়বস্তু নিয়ে এডুটিউব নামে একটি ওয়েব পোর্টাল যাত্রা শুরু করল। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এডুটিউবের (www.edutubebd.com) উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তিনি বলেন, এমন উদ্যোগ বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে এবং এই উদ্যোগ শহর ও গ্রামাঞ্চলের মধ্যে শিক্ষা-সুবিধা প্রাপ্তির বিভেদ কমাতে সাহায্য করবে। তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য ডিজিটাল কনটেন্ট তৈরি করার উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী বলেন, এ ধরনের প্রযুক্তিসুবিধা থাকায় শহর ও গ্রামের শিক্ষার্থীরা একই সুবিধা পাবে। একে আরও সমৃদ্ধ করতে ভালো কনটেন্ট দেওয়ার আহ্বান জানান তিনি।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ তাঁর মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন প্রকল্পের কথা এবং সম্প্রতি প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ডিজিটাল কনটেন্ট তৈরির কথা জানান। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নীলুফার আহমেদ।
এডুটিউবের নির্মাতা প্রতিষ্ঠান এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেডের এম এ মুবিন খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি জানান, এডুটিউবের মাধ্যমে দেশের যেকোনো পর্যায়ের শিক্ষার্থী তার শিক্ষা উপকরণ যেকোনো মাধ্যমে এতে রাখতে এবং অন্যদের সঙ্গে ভাগাভাগি করতে পারবে। এ ছাড়া এতে পাঠক্রম সহায়ক ভিডিও থাকবে। সেগুলো নামিয়ে নিয়ে পড়া যাবে। এডুটিউবে যে কেউ অ্যাকাউন্ট খুলে বিনা মূল্যে পাঠ নিতে পারবেন। পরবর্তী সময়ে ছাত্র, শিক্ষক বা অভিভাবক লগ-ইন করে তাঁদের শিক্ষা উপকরণ এতে রাখতে পারবেন।
এডুটিউবে পাঠদানের শিক্ষার্থীদের জন্য অনুশীলনী থাকবে। শিক্ষকদের জন্য আলাদা নেটওয়ার্কও থাকবে এই ওয়েব পোর্টালে।