শিক্ষাব্যবস্থায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের পাইলট প্রকল্প
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কার্যালয়ে গতকাল সোমবার ‘সরকারি-বেসরকারি উদ্যোগে শিক্ষাব্যবস্থায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের পাইলট কর্মসূচি’ বাস্তবায়নের উদ্দেশ্যে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে। বাংলাদেশ সরকার, প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভ্যাব) এবং বেসরকারি ডি.নেট যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে। চুক্তি সই অনুষ্ঠানে বিসিসির নির্বাহী পরিচালক মাহ্ফুজুর রহমান, ডি.নেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান এবং ভ্যাবের প্রতিনিধি অজয় কুমার বসু, কর্মসূচি সমন্বয়কারী, কম্পিউটার সাক্ষরতা কর্মসূচিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রকল্পটি জুলাই ২০১০ থেকে জুন ২০১৩ পর্যন্ত চলবে। প্রকল্পের মধ্যে রয়েছে ১০০ মাধ্যমিক বিদ্যালয়ে বিকল্প বিদ্যুৎব্যবস্থাসহ কম্পিউটার শিক্ষাকেন্দ্র স্থাপন; ষষ্ঠ, নপ্তম ও অষ্টম শ্রেণীর ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে বিদ্যমান মাল্টিমিডিয়া উপকরণের উন্নয়ন; নবম ও দশম শ্রেণীর ভূগোল বিষয়ে নতুন মাল্টিমিডিয়া উপকরণ প্রস্তুত করা ইত্যাদি। —বিজ্ঞপ্তি