শিক্ষার জন্য গুগল বিষয়ে ঢাকায় সম্মেলন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে হয়ে গেল শিক্ষার্থীদের জন্য দুদিনের বিশেষ সম্মেলন—বাংলাদেশ সামিট: ফিচারিং গুগল ফর
এডুকেশন ২০১৫।
২৭ ফেব্রুয়ারি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের ভারপ্রাপ্ত সচিব শ্যাম সুন্দর সিকদার এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ‘প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের বিকল্প নেই।’ খবর বিজ্ঞপ্তির।
উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, ‘শিক্ষার বাহন হিসেবে শুরু থেকেই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রযুক্তিকে প্রাধান্য দিয়েছে। গুগল শ্রেণিকক্ষ করা হয়েছে। সময়ের চাহিদা অনুযায়ী পাঠদান প্রক্রিয়া এখন আর শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নেই। এখন যে কেউ যেকোনো স্থান থেকে ইচ্ছা করলেই পাঠ নিতে পারে।’
অনুষ্ঠানে বক্তৃতা করেন ডিআইইউয়ের উপাচার্য এম লুৎফর রহমান, সহ-উপাচার্য মো. গোলাম রহমান, ইমেরিটাস অধ্যাপক আমিনুল ইসলাম, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান সৈয়দ আক্তার হোসেনসহ অনেকে।
এ সম্মেলনে অংশীদার হিসেবে ছিল রবি আজিয়াটা লিমিটেড। দুদিনের সম্মেলনে অধিবেশন পরিচালনা করেন গুগল এডুকেশন প্রশিক্ষক ডেভিস এপাস (থাইল্যান্ড) ও গুগল সার্টিফায়েড টিচার জন গ্যারি গার্সিয়া (ফিলিপাইনস)।
সম্মেলনে শিক্ষার কাজে ব্যবহৃত বিভিন্ন গুগল অ্যাপ্লিকেশনের ব্যবহার এবং গুগল পণ্য বিশেষ করে গুগল আর্থ, শিক্ষার জন্য ইউটিউব, গুগল সার্চ, গুগল ড্রাইভ, গুগল ক্যালেন্ডার, গুগল হ্যাং-আউট, গুগল সাইটস, গুগল ক্রোম, গুগল ফরমস এবং জি-মেইল বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।