শিক্ষার জন্য জাকারবার্গ-প্রিসিলা

সামাজিক যোগাযোগের জনপ্রিয়তার শীর্ষে ইতিমধ্যে আছে ফেসবুক।ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এবং তাঁর স্ত্রী শিশুরোগ বিশেষজ্ঞ প্রিসিলা চ্যান শিক্ষা উন্নয়ন কার্যক্রমে কাজ করার ঘোষণা দিয়েছেন। এ জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর সব বিদ্যালয়ের উন্নয়নে ১২ কোটি ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন এ দম্পতি।
বিশ্বের সর্বকনিষ্ঠ ধনী ব্যক্তি মার্ক সম্প্রতি নিজের ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছেন। নির্দিষ্টভাবে শুধু উন্নয়ন নয় নতুন নতুন বিদ্যালয় তৈরিতেও কাজ করবেন মার্ক-প্রিসিলা দম্পতি। সম্প্রতি ওয়েবসাইটে এ দম্পতি লিখেছিলেন শিক্ষার্থীদের ভালো পরিবেশ পাওয়ার জন্য সংগ্রাম করতে হবে, যা ঠিক নয় বলে আমরা মনে করি। আর তাই শিক্ষা কার্যক্রমে সহায়তা এখন বেশি জরুরি।
প্রাথমিকভাবে অনুদানের অর্থ থেকে প্রথম ৫০ লাখ ডলার যাবে পশ্চিম পালো-আল্টা এবং রেডউড সিটির স্কুলগুলোর জন্য। অনুদানের মধ্যে ১০ কোটি ডলারই খরচ করা হবে নতুন বিদ্যালয় তৈরির জন্য বরাদ্দকৃত জায়গা কিনতে। পাশাপাশি পুরোনো নতুন সব স্কুলের উন্নয়নেও বাকি অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছেন মার্ক। তিনি জানিয়েছেন, শিক্ষা খাতের উন্নয়নের জন্য তিনি অনেক বেশি সময় ব্যয় করেছেন। এ ছাড়া শিক্ষার জন্য বিনিয়োগ কখনো বিফলে যায় না বলেও আশাবাদী তিনি। বিশ্বের ২১ নম্বর সম্পদশালী ব্যক্তি মার্ক জাকারবার্গের বর্তমান সম্পদের পরিমাণ দুই হাজার ৮০০ কোটি ডলার। শিক্ষা উন্নয়ন কার্যক্রমে এ দম্পতির এমন উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই।
—ফেসবুক ও মার্কারি নিউজ অবলম্বনে