বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে বৃহস্পতিবার দুপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলায় ঘুরতে এসেছিল বাগেরহাট বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ফারিয়া আক্তার। অনেক সময় নিয়ে সে প্রতিটি স্টল খুঁটিয়ে দেখছিল অবাক চোখে। কী যেন একটা সে খুঁজছিল কিন্তু পাচ্ছিল না। জিজ্ঞাসা করতে ফারিয়ার প্রশ্ন, ‘এত কম্পিউটার! কিন্তু আমরা তো ব্যবহার করতে পারছি না। এখানে গেম খেলার ব্যবস্থা নেই?’ আবার স্কুল-কলেজের অনেক শিক্ষার্থীই বলেছে, মেলায় কেউ তো কিছু শেখাল না। কম্পিউটার ধরতেও দিল না কেউ।
বাগেরহাটের জেলা ও উপজেলা প্রশাসন, ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি), সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪টি স্টল ছিল মেলায়। গত মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনের এ মেলা আয়োজন করে বাগেরহাট জেলা প্রশাসন।
এ মেলায় শিক্ষার্থীদের উপস্থিতিই বেশি দেখা গেছে। তবে মেলা তাদের সন্তুষ্ট করতে পারেনি। প্রতিটি স্টলে ব্যবহূত কম্পিউটার, প্রজেক্টর, প্রিন্টার তাদের আকৃষ্ট করেছে। কিন্তু নিজের হাতে কম্পিউটার নাড়াচাড়া করা, গেমস খেলা বা ইন্টারনেট ব্যবহারের কোনো সুযোগ রাখেনি স্টলগুলো। প্রজেক্টরে কার্টুন, শিশুতোষ ছবি বা প্রামাণ্যচিত্র দেখার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয় তাদের।
মেলায় অংশগ্রহণকারী একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বলেন, ‘জেলা প্রশাসনের সাজানো কর্মসূচিতে আমরা নির্দেশিত হয়ে অংশ নিই। ফলে প্রতিযোগিতা বা উদ্ভাবনী কিছু করার সুযোগ থাকে না।’
সরেজমিনে ঘুরে দেখা গেছে, অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান এবং ডাক বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) বা বিটিসিএলের মতো সরকারি প্রতিষ্ঠানগুলোর স্টলে নিজেদের ব্যবহূত কম্পিউটার ও অন্যান্য প্রযুক্তি প্রদর্শন করাটাই যেন ছিল মুখ্য। উপজেলা ও ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র এবং বেসরকারি সংগঠনগুলো তাদের প্রতিষ্ঠান থেকে দেওয়া তথ্যসেবা ও সুযোগগুলো প্রচারে সচেষ্ট ছিল।
মেলায় অংশগ্রহণকারী একটি প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বলেন, ‘নতুন প্রজন্ম ছিল মেলার প্রাণ। কম্পিউটার প্রযুক্তি ব্যবহারের সুবিধা তাদের আরও মনোযোগী করতে পারত। এটা ডিজিটাল মেলা ছিল ঠিকই, তবে এখানে উদ্ভাবনী কিছু ছিল না।’
তবে মেলার প্রধান সমন্বয়কারী বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল হক খান বলেন, ‘অংশগ্রহণকারীদের কাছ থেকে যথেষ্ট ইতিবাচক সাড়া মিলেছে। আমাদের উদ্দেশ্য ছিল কম্পিউটারে তৈরি ডিজিটাল কনটেন্ট বা সেবাসুবিধাগুলো মানুষের সামনে তুলে ধরা। আমরা সেটা করেছি। তাই মেলায় শিশু-কিশোরদের কম্পিউটার ব্যবহারের সুযোগ রাখা হয়নি।’
বৃহস্পতিবার মেলার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. শুকুর আলী। ডিজিটাল কার্যক্রম প্রসার ও প্রয়োগের জন্য ২০১২ সালের পুরস্কার পেয়েছেন ফকিরহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদ পাল, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান, মংলা উপজেলার চাঁদপাই ইউপির সচিব বিকাশ চন্দ্র বিশ্বাস, বাগেরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রোগ্রামার মো. আসাদুজ্জামান ও ইউআইএসসি উদ্যোক্তা হিসেবে বহরবুনিয়ার রিলিয়া খানম, ফকিরহাট সদরের ডালিয়া আক্তার, পেড়িখালীর উদ্যোক্তা মোস্তফা এরশাদ হাকিম। মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয়, বাগেরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও যদুনাথ কলেজিয়েট স্কুল, বাগেরহাট সদর, ফকিরহাট সদর ও চিতলমারী সদর ইউপি তথ্য ও সেবাকেন্দ্র, ডাক বিভাগ ও বিটিসিএল এবং বেসরকারি সংগঠন ‘আমাদের গ্রাম’ পুরস্কার পেয়েছে। —আহাদ হায়দার, বাগেরহাট