শিক্ষার্থীদের জন্য ডেলের কম্পিউটার ল্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্পিউটার ল্যাব করে দেওয়ায় ডেলকে ধন্যবাদ জানায় জাগোর শিক্ষার্থীরা
কম্পিউটার ল্যাব করে দেওয়ায় ডেলকে ধন্যবাদ জানায় জাগোর শিক্ষার্থীরা

‘সুবিধাবঞ্চিত শিশুদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা খুব দরকার। তাহলে তারা দক্ষ জনগোষ্ঠী হিসেবে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে। তা ছাড়া, নিজেদের মেধার বিকাশ ঘটিয়ে সুশিক্ষিত হয়ে উঠবে।’ গতকাল রোববার রাজধানীর রায়েরবাজারে জাগো ফাউন্ডেশন পরিচালিত সুবিধাবঞ্চিতদের বিদ্যালয়ে ডেল কম্পিউটার ল্যাবের উদ্বোধন করে এসব কথা বলেন ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির।
প্রাথমিকভাবে ডেল জাগোর বিদ্যালয়ে ১০টি ল্যাপটপ কম্পিউটার, সার্ভার, ইন্টারনেট সুবিধাসহ প্রয়োজনীয় আসবাবপত্র দিয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা এগুলো ব্যবহারের সুযোগ পাবে। জাগো ফাউন্ডেশন স্কুলের শিক্ষার্থীরা জানায়, ‘এখন থেকে আমরা ইন্টারনেটে দক্ষ হয়ে উঠতে পারব। শুনেছি, তথ্যপ্রযুক্তির মাধ্যমে আউটসোর্সিং করে অর্থ উপার্জনও করা যায়। ইচ্ছা আছে এ কাজ শেখার। পরিবারের আয়ে অবদান রাখতে পারলে নিজেদের পড়াশোনায়ও কোনো সমস্যা হবে না।’
কম্পিউটার ল্যাব উদ্বোধনের পর শিক্ষার্থীরা সেখানে বসে ছবি আঁকা, ইন্টারনেটে তথ্য খুঁজে বের করা ইত্যাদি বিষয়ে কাজ করতে শুরু করে। জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ বলেন, ‘জাগো সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে চায়। সমাজে তাদের বোঝা না করে দক্ষ হতে সাহায্য করে যাচ্ছে। আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে ইংরেজিমাধ্যমে পড়ছে এসব শিশু। এই স্বপ্ন আরও জোরদার হলো ডেলের কম্পিউটার ল্যাব স্থাপনের মাধ্যমে। জাগোর শিক্ষার্থীদের জন্য এ ল্যাব স্থাপনের মাধ্যমে ডেল আমাদের আরও এগিয়ে যাওয়ার সাহস দিল।’ — হাসান ইমাম