শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে উন্মুক্ত গ্রন্থাগার
বিদ্যালয়পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত গ্রন্থাগার ব্যবহারের সুযোগ দিচ্ছে ওপেন কারিকুলাম ডট অর্গ। এ ওয়েবসাইটে ‘লগ-ইন’ ছাড়াই গ্রন্থাগারে থাকা বিভিন্ন তথ্য যে কেউ ব্যবহার করতে পারবেন। মূলত শিক্ষাবিষয়ক নানা তথ্য সহজে যাতে পাওয়া যায়, শিক্ষকেরা তা দ্রুত ব্যবহার করতে পারেন, প্রয়োজনে নিজেরাই বিভিন্ন বিষয়ে বক্তৃতা তৈরি করার পরিকল্পনা করতে পারেন, সেসব বিষয় মাথায় রেখেই ওপেন কারিকুলাম কাজ করছে।
ওয়েবসাইটটিতে ইতিমধ্যে গণিত বিষয়ে পাঁচ হাজারের বেশি তথ্য রয়েছে। প্রতি মাসে ওপেন কারিকুলামের নানা বিষয় দেখেন ছয় হাজারের বেশি শিক্ষক। এর মধ্যে যেসব বক্তৃতা বা পাঠ রয়েছে, সেগুলো দেখা যায় নতুন যুক্ত হওয়া ৫০ শতাংশ শিক্ষকেরই কাজে লেগে যায় এবং তাঁদের প্রথম পাঠ তৈরি করার পরিকল্পনা করার প্রয়োজনও হয় না। সাইটটির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা বরুন অরোরা বলেন, ‘সাইটটি চালু হয়েছে বেশি দিন হয়নি। এটি একটি অলাভজনক উদ্যোগ এবং আমাদের উদ্দেশ্য নির্দিষ্ট বিষয়ে (যেমন: গণিত) উল্লেখযোগ্য তথ্য দেওয়া যা শিক্ষক, শিক্ষার্থীদের সাহায্য করতে পারবে।’ এখন বর্তমানে ওপেন কারিকুলামের (www.opencurriculum.org) ব্যবহারকারী যুক্তরাষ্ট্রেই বেশি। তবে এটি যাতে অন্যান্য দেশের ব্যবহারকারীরাও পান, সে উদ্যোগ নেওয়ার ব্যাপারে ভাবা হচ্ছে বলে জানিয়েছেন বরুন অরোরা। —টেক ক্র্যাঞ্চ অবলম্বনে কাজী আলম