শিক্ষার্থীদের জন্য ‘স্টাডিবুক’
উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ৭ ইঞ্চি মাপের ‘স্টাডিবুক’ নামে নতুন ট্যাবলেট কম্পিউটার বাজারে আনার ঘোষণা দিয়েছে ইনটেল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এক খবরে জানিয়েছে, ‘স্টাডি বুক’ ট্যাবলেটটি বেশ মজবুত করেই তৈরি করা হয়েছে, তাই এটি ভাঙার আশঙ্কা কম। ইনটেলের ক্লাসমেট কনভার্টিবল কম্পিউটারে ব্যবহূত লার্নিং সিরিজ সফটওয়্যার থাকবে স্টাডি বুকে।এ প্রসঙ্গে ইনটেল জানিয়েছে, হালকা-পাতলা এই ডিভাইসটি পানি ও ধুলোবালু প্রতিরোধক এবং দুই বা তিন ফুট উঁচু থেকে পড়ে গেলেও ট্যাবলেটটি অক্ষত থাকে। মাল্টিটাচ সুবিধার স্ক্রিনযুক্ত ট্যাবলেটটির রেজ্যুলেশন ১০৬০ বাই ৬০০ পিক্সেল। স্টাডিবুক ট্যাবলেট উইন্ডোজ ৭ ও অ্যান্ড্রয়েডের হানিকম্ব অপারেটিং সিস্টেম সমর্থন করবে। বিশ্লেষকেরা জানিয়েছেন, ‘স্টাডি বুক’ ট্যাবলেটে যে সুবিধা রয়েছে, তাতে উইন্ডোজ ৮ সমর্থন করবে। ইনটেল অ্যাটম জেড ৬৫০ প্রসেসরচালিত ট্যাবলেটটিতে আরও আছে ১ গিগাবাইট র্যাম, সামনে ও পেছনে দুটি ক্যামেরা, ইউএসবি, এইচডিএমআই, লাইট সেন্সর সাপোর্ট ও মাইক্রোফোন সুবিধা থাকবে। স্টাডিবুকের দাম হতে পারে প্রায় ২০০ ডলার।