শিক্ষার্থীদের টেলিযোগাযোগ প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে (ইডব্লিউইউ) গতকাল শুক্রবার শেষ হয়েছে টেলিযোগাযোগ প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের টেলিযোগাযোগ ক্লাবের (ইডব্লিউটিসি) আয়োজনে ‘টেলকো ওয়্যারফেয়ার ২০১২’ শীর্ষক দুই দিনব্যাপী এ আয়োজন শুরু হয় গত বৃহস্পতিবার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আহমেদ শফি বলেন, ‘এ দেশের সন্তান জগদীশ চন্দ্র বসু বেতারের মূল সুর উদ্ভাবনের মাধ্যমে টেলিযোগাযোগ খাতের নবজন্ম করেছেন। তাঁর মতো এ দেশের তরুণেরাও একদিন টেলিযোগাযোগের বিষয়ে আন্তর্জাতিকভাবে অবদান রাখতে সক্ষম হবে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ শাহ মর্তুজা আলি, ইলেকট্রনিক্স ও যোগাযোগ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান এম আবু সালেহ আবদুন নূরসহ অনেকে। বিশ্ববিদ্যালয় ও কলেজ-পর্যায়ে চারটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়-পর্যায়ে টেলিকম কুইজ, মোবাইল অ্যাপ্লিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং প্রতিযোগিতা এবং কলেজ-পর্যায়ে ‘কিউ ওয়্যার’ কুইজ প্রতিযোগিতা। ১৩টি বিশ্ববিদ্যালয় ও ১৬টি কলেজের অংশগ্রহণে টেলিযোগাযোগ-বিষয়ক এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়-পর্যায়ে টেলিকম কুইজে এককভাবে ৬৪ জন, মোবাইল অ্যাপ্লিকেশনে ১৬ জন ও কম্পিউটার নেটওয়ার্কিং প্রতিযোগিতায় ২৬টি দল অংশ নিয়েছে। ‘কিউ ওয়্যার’ কুইজ প্রতিযোগিতায় লড়েছে ৩৬টি দল। প্রথমদিন বিকেলে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান ‘আইটি টক’ নামের একটি কর্মশালায় মূল বক্তা হিসেবে বক্তব্য দেন। এ আয়োজন প্রসঙ্গে ক্লাবটির সভাপতি এস এম আবদুল আওয়াল প্রথম আলোকে বলেন, ‘তথ্যপ্রযুক্তির গুরুত্বপূর্ণ অংশ টেলিকমিউনিকেশনকে আরও জনপ্রিয় করতে এ আয়োজন। তবে প্রতিযোগিতার ধরন একটু ভিন্ন। কোনো প্রতিষ্ঠান থেকে এক বা একাধিক দল অংশ নিলেও নম্বর গড় করে প্রতিষ্ঠানভিত্তিক পুরস্কার দেওয়া হচ্ছে।’ প্রতিযোগিতার সহযোগী টেলিকম বাংলাদেশ, রেডিও টুডে ও আনলকলাইভ।—জিয়াউর রহমান চৌধুরী