শিক্ষার্থীদের ডিজিটাল ব্যবসায়িক পরিকল্পনা প্রতিযোগিতার নিবন্ধন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বাংলালিংক ইনোভেটর্সের পঞ্চম আসরের নিবন্ধন শুরুর ঘোষণা দেওয়া হয়
সংগৃহীত

ডিজিটাল ব্যবসায়িক পরিকল্পনা প্রতিযোগিতা বাংলালিংক ইনোভেটর্সের পঞ্চম আসরের নিবন্ধন শুরু হয়েছে। ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বাংলালিংকের প্রধান মানবসম্পদ এবং প্রশাসন কর্মকর্তা মনজুলা মোরশেদ গতকাল এই ঘোষণা দেন।

উদ্বোধনী আয়োজনে জানানো হয়, অংশগ্রহণকারীদের নানান কর্মশালা ও কার্যক্রমের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির সুযোগ দেবে বাংলালিংক। প্রতিযোগিতা শেষে চার সদস্যের বিজয়ী দল ঘোষণা করা হবে। বিজয়ী দল বাংলালিংকের ‘অ্যাসেসমেন্ট সেন্টার অব দ্য স্ট্র্যাটেজিক অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম’-এ সরাসরি অংশগ্রহণ করতে পারবে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলের সদস্যরাও পুরস্কারের পাশাপাশি এই কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবেন।

এ ছাড়া সেরা পাঁচ দলের সদস্যরা বাংলালিংকের ‘অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রাম’-এ যোগদানের পাশাপাশি ‘লার্ন ফ্রম দ্য স্টার্টআপস’ ও ‘ক্যাম্পাস টু করপোরেট’ কর্মসূচিগুলোয় অংশগ্রহণ করতে পারবেন। স্টার্টআপ ও করপোরেট প্রতিষ্ঠান সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা গ্রহণের সুযোগ দিতে বাংলালিংক এই কর্মসূচি দুটি পরিচালনা করে আসছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন চলবে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত।

উদ্বোধনী আয়োজনে মনজুলা মোরশেদ বলেন, ‘দেশের উদ্ভাবনী তরুণদের ক্ষমতায়নের অঙ্গীকার নিয়ে চার বছর আগে আমরা বাংলালিংক ইনোভেটর্স চালু করেছি। এই উদ্যোগের মাধ্যমে তরুণদের বর্তমান যুগের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে নতুনভাবে ভাবতে ও সেগুলোর ডিজিটাল সমাধান বের করতে উৎসাহ দিচ্ছি আমরা।’
গত বছরের মতো এবারও পুরো কর্মসূচি ভার্চ্যুয়াল পদ্ধতিতে পরিচালনা করা হবে বলে জানান মনজুলা মোরশেদ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলালিংকের ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফির ডিজিটাল সেবা পরিচালক আবদুল মুকিত আহমেদ, বাংলালিংকের ব্র্যান্ডস অ্যান্ড কমিউনিকেশনস পরিচালক কাজী উরফি আহমেদ, হেড অব ট্যালেন্ট ম্যানেজমেন্ট আয়েশা সাঈদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।