শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখাতে বেসিসের উদ্যোগ
স্কুল-কলেজের শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিং শেখানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম)। ৯-১৫ ডিসেম্বর ১৬০টি দেশে ‘কম্পিউটার বিজ্ঞান শিক্ষাসপ্তাহ’ উদ্যাপনের অংশ হিসেবে ‘আওয়ার অব কোড’ কর্মসূচি হাতে নিয়েছে বেসিস। গতকাল মঙ্গলবার ঢাকায় বেসিস সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বেসিসের সভাপতি শামীম আহসান বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে তথ্যপ্রযুক্তি খাতে চাকরির সংখ্যা কম্পিউটার বিজ্ঞানে পাস করা ছাত্রের তিন গুণ। এর সঙ্গে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, স্পেন ও ইতালিতে ২০১৫ সালে তথ্য দক্ষ প্রোগ্রামারের ঘাটতি হবে প্রায় আড়াই লাখ। কম্পিউটার বিজ্ঞানের এই ব্যাপক চাহিদা বাংলাদেশের জন্য একটি সম্ভাবনার দুয়ার খুলে দেবে। তাই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’
সম্মেলনে জানানো হয় ‘বেসিস আওয়ার অব কোড’ হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কে এক ঘণ্টার একটি পরিচিতিমূলক অনুষ্ঠান। এর মূল উদ্দেশ্য হচ্ছে প্রোগ্রামিং সংকেত লেখার (কোডিং) ব্যাপারে ভীতি দূর করে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের প্রোগ্রামিং শেখানো। যারা প্রোগ্রামিং শিখতে আগ্রহী তারা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানে অথবা নিজেদের বাসায় বসে সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে অংশ নিতে পারবে। বাসায় বসে যারা এই কর্মসূচিতে অংশ নিতে চায়, তারা গুগল হ্যাং আউট থেকে অংশ নিতে পারেন। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে বেসিস ইতিমধ্যে যোগাযোগ করেছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এ উদ্যোগ নেবে, বেসিস তাদের সর্বাত্মক সহযোগিতা করবে। এ সম্পর্কে বিস্তারিত তথ্য ও টিউটোরিয়াল বেসিস ওয়েবসাইট (www.basis.org.bd) থেকে সংগ্রহ করা যাবে। এ ছাড়া বেসিস মিলনায়তনে ১৩ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মশালার আয়োজন করা হবে। একই দিন বিকেলে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকাতেও (আইএসডি) এই কর্মশালার আয়োজন করা হবে। আগ্রহীরা ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে পারবেন।