শিক্ষার্থীদের বিনা মূল্যে সফটওয়্যার দেবে মাইক্রোসফট
বাংলাদেশের শিক্ষার্থীদের বিনা মূল্যে সফটওয়্যার দেবে মাইক্রোসফট। এ বিষয়ে গত সোমবার ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় ও মাইক্রোসফটের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান এবং মাইক্রোসফট বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা পুবুদু বাসনায়াকে। এ সময়ে উপস্থিত ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের টেকনিক্যাল এভাঞ্জেলিস্ট তানজিম সাকীব এবং বিশ্ববিদ্যালয়টির সিএসই বিভাগের প্রধান আলী শিহাব সাব্বিরসহ অনেকে। ড্রিমস্পার্ক প্রোগ্রামের আওতায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের সব শিক্ষার্থী, শিক্ষক বিনা মূল্যে মাইক্রোসফটের প্রায় সব সফটওয়্যারের সর্বশেষ সংস্করণ ব্যবহার করতে পারবেন। সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে উইন্ডোজ ৮, উইন্ডোজ সার্ভার ২০১২, ভিজুয়্যাল স্টুডিও ২০১২ ইত্যাদি। —বিজ্ঞপ্তি