শিক্ষার্থীদের হাতেই ডিজিটাল বাংলাদেশের চাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসবাহ, ফারহানা আক্তার, দুর্জয়রা মনোযোগী কম্পিউটার প্রোগ্রামিং সমস্যার সমাধানে। কত কম সময়ে সমাধান করা যায় সেদিকে সচেষ্ট সবাই। তাঁদের মতো ছয়টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭৫জন সদস্য গতকাল শনিবার এভাবেই মাতিয়ে রেখেছিলেন প্রথম আলো-বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতার আসর। তাঁদের হাত ধরেই আগামী দিনের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখছেন অনুষ্ঠানের অতিথিরা। চন্দনাইশের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা ছাড়াও ছিল শিক্ষার্থীদের পরামর্শ প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ কার্যকরভাবে যারা তৈরি করতে পারবে, তারা হলো কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থীরা। প্রতিযোগিতা ছাড়া দক্ষতা অর্জন সম্ভব নয়। আর এসব দক্ষতা কাজে লাগাতে হবে দেশ ও সমাজের উন্নয়নে। বিশেষ অতিথি প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন বলেন, প্রতিযোগিতা মানুষকে আত্মকেন্দ্রিক করে তোলে। আবার প্রতিযোগিতা ছাড়া জীবনে এগোনো যাবে না। উত্তরণ ঘটবে না। তাই প্রতিযোগিতার পাশাপাশি পারস্পরিক সহযোগিতামূলক কর্মকাণ্ডও দরকার।বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের প্রধান সৈয়দ রাশীদুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী, বিজ্ঞান ও আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান ও আসুসের আঞ্চলিক প্রধান রাশেদ ভূঁইয়া বক্তব্য দেন। প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোর দল ৮৩ মিনিটে তিনটি সমস্যার সমাধান করে প্রথম স্থান অধিকার করে। ১৬১ মিনিটে তিনটি সমস্যার সমাধান করে দ্বিতীয় স্থান অর্জন করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আইকন দল। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করে যথাক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাইমার, বিজিসি ট্রাস্টের জাম্পস্টার্ট ও চুয়েটের আগন্তুক দল। মোট ২৫টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। পুরস্কার বিতরণের আগে বিজিসি ট্রাস্টের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। কখনো দেশাত্ববোধক গান, কখনো রবীন্দ্রসংগীত, কখনো বা নজরুলের কবিতার আবৃত্তিতে সাজানো ছিল অনুষ্ঠানটি। —নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম