শিক্ষার্থীরা কেমন বই চায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে শিশুদের উল্লাস। কিন্তু এসব বইয়ের ভুলত্রুটি সম্পর্কে তাদের নেই কোনো ধারণা
বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে শিশুদের উল্লাস। কিন্তু এসব বইয়ের ভুলত্রুটি সম্পর্কে তাদের নেই কোনো ধারণা

শিক্ষার্থীরা প্রতিটি বিষয়ের পাঠ্যপুস্তকে প্রশ্নের মানবণ্টন এবং কয়েকটি মডেল প্রশ্ন চায়। পূর্বের শ্রেণীতে পাঠ করা বিষয়গুলো সম্পর্কে পরবর্তী শ্রেণীর পাঠ্যপুস্তকে ধারাবাহিক ও বিশদ বিবরণ থাকা উচিত বলে মনে করে তারা। সামাজিক বিজ্ঞান ও সাধারণ বিজ্ঞান বইয়ের ভাষা আরেকটু সহজ হলে ভালো হতো বলে তাদের মত।
এ ছাড়া বিজ্ঞান, সমাজ ও বাংলা বইয়ের সিলেবাস পরিমাণে অনেক বেশি মনে হয়েছে তাদের কাছে। ইংরেজি রচনা মুখস্থ করে লিখতে হয়, এর বিপরীতে সৃজনশীল পদ্ধতি প্রয়োজন বলে মনে করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের এসব মতামত উঠে এসেছে শিক্ষা নিয়ে কাজ করা বেসরকারি সংগঠনগুলোর মোর্চা গণসাক্ষরতা অভিযানের এক প্রতিবেদনে। গত জুনে শিক্ষার্থীরা কেমন বই চায়, তা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠান আয়োজন করে সংস্থাটি। এর আলোকে একটি প্রতিবেদন তৈরি করেছে গণসাক্ষরতা অভিযান। প্রতিবেদনে বলা হয়েছে, বইয়ের প্রতিটি অধ্যায় অনুযায়ী অনুশীলনী চায় শিক্ষার্থীরা। তারা দেশের ঐতিহ্যবাহী স্থান, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য এবং বিশেষ বিশেষ শ্রমজীবী মানুষের সংগ্রামী জীবনের বাস্তবধর্মী ঘটনা পাঠ্যবইয়ে দেখতে চায়। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা জানায়, যেহেতু গল্পের বই সব সময় হাতের কাছে পাওয়া যায় না, সবাই কিনতেও পারে না, কাজেই আনন্দপাঠে আরও গল্প থাকা উচিত।
শিক্ষার্থীরা মনে করে, কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে মানুষ কীভাবে এগিয়ে যাচ্ছে, সে বিষয়ক গল্প পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা উচিত। প্রাচীন সভ্যতার গল্প, সেকালে মানুষ কীভাবে জীবনযাপন করত, তা ছবিসহ জানার সুযোগ থাকলে ভালো হতো। সেই সঙ্গে মহান ব্যক্তিদের জীবন থেকে শিক্ষণীয় বিষয়সমূহ তুলে ধরার গল্পও থাকা দরকার।
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মতামত: শিক্ষার্থীরা জানায়, বাংলা বিষয়ে ‘জলপরী ও কাঠুরে’, ‘মানুষের বন্ধু গাছপালা’, ‘সুখু ও দুখু’, ‘চাষী’, ‘সবার আমি ছাত্র’ ইত্যাদি গল্প ও কবিতা শিক্ষার্থীদের ভালো লেগেছে। তাদের মতে, এসব গল্প ও কবিতায় দেশপ্রেম, মাতৃভাষাপ্রীতি, মুক্তিযুদ্ধের ইতিহাস, পৃথিবীর সৃষ্টিরহস্য ও অন্যান্য জীবনঘনিষ্ঠ বিষয় রয়েছে।
ইংরেজি বিষয়ে ‘My Country’, ‘Common Birds of Bangladesh’, ‘Jamila Akhter and Her Jobs’, ‘The Cap-seller and the Monkeys’ ইত্যাদি গল্পগুলো তাদের ভালো লেগেছে। এসব গল্পে বাংলাদেশের নৈসর্গিক রূপ, বিভিন্ন প্রজাতির পাখি ও বানর কীভাবে মানুষের সহায়তা করে প্রভৃতি বিষয় ফুটে উঠেছে। ইংরেজি পাঠ্যপুস্তকে কবিতা, গল্প ও অন্যান্য রচনার লেখকের নাম দেওয়া থাকলে ভালো হতো বলে মত প্রকাশ করেছে শিক্ষার্থীরা। তারা মনে করে, ইংরেজি বিষয়ে অধ্যায় শেষে বিভিন্ন শব্দের অর্থ দেওয়া থাকলেও তাদের সুবিধা হতো।
পরিবেশ পরিচিতি সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞান বইয়ে ‘পৃথিবী ও বিশ্বজগৎ’ এবং ‘খাদ্য ও পুষ্টি’ অধ্যায় শিক্ষার্থীরা পছন্দ করেছে। এ ছাড়া পৃথিবীর উৎপত্তি ও বিশ্বজগতের বৈচিত্র্যময় বর্ণনা, খাদ্যে ভিটামিনের উৎস ও তার অভাবজনিত রোগ সম্পর্কিত বিষয়গুলোও তাদের ভালো লেগেছে। শিক্ষার্থীরা মনে করে, পাঠ্যপুস্তকে সাম্প্রতিক আবিষ্কার এবং সামাজিক বিজ্ঞানে বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত বিষয়াদি, এগুলোর পরিচিতি ও দৈনন্দিন জীবনের সঙ্গে সংশ্লিষ্ট উদাহরণ থাকলে ভালো হয়।
অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মতামত: এই শ্রেণীর বাংলা বইয়ে শিক্ষার্থীদের ‘পড়ে পাওয়া’, ‘অতিথি’, ‘সুখী মানুষ’, ‘মানব ধর্ম’, ‘আবার আসিব ফিরে’, ‘দুই বিঘা জমি’ ইত্যাদি গল্প ও কবিতা ভালো লেগেছে। এসব গল্প ও কবিতায় মানবতা, উত্তম আদর্শ, বাংলার পুরাকালের ইতিহাস এবং বাংলাদেশের নিসর্গের বর্ণনা তাদের আকৃষ্ট করেছে।
শিক্ষার্থীরা মনে করে, বাংলা দ্বিতীয় পত্রের জন্য বোর্ড কর্তৃক নির্ধারিত বই থাকলে ভালো হতো। মুক্তিযোদ্ধার মুখে অভিজ্ঞতার বর্ণনা থাকলে তা আরও আকর্ষণীয় হতো।
এই শ্রেণীর ইংরেজি বইয়ে ‘Honesty is the best policy’, ‘The Magician’, ‘The man who wanted to live alone’ গল্পগুলো শিক্ষার্থীদের ভালো লেগেছে। কারণ, এসব গল্পের প্রথমটিতে সততা, দ্বিতীয়টিতে জাদু এবং তৃতীয়টিতে সামাজিক জীবনযাপনের বর্ণনা খুবই আকর্ষণীয়।
ইংরেজিতে অধ্যায় শেষে বিভিন্ন শব্দের অর্থ ও উত্তর দেওয়া থাকলে সুবিধা হতো বলে জানায় শিক্ষার্থীরা। তাদের মতে, বাংলা সাহিত্যের মতো ইংরেজি সাহিত্যের প্রধান কবি ও লেখকদের রচনা পাঠ্যক্রমে থাকা উচিত। বাংলা দ্বিতীয় পত্রের মতো ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য বোর্ড কর্তৃক নির্ধারিত বইয়ের জন্য শিক্ষার্থীরা আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। গণিত বইয়ের উদাহরণে আরও বেশি অঙ্ক থাকা দরকার বলে শিক্ষার্থীরা মত প্রকাশ করেছে। বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে ‘বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ’, ‘বাংলাদেশের সম্পদ’, ‘বাংলাদেশের দুর্যোগ’ ও ‘বাংলাদেশের ঔপনিবেশিক যুগ’ বিষয়গুলো শিক্ষার্থীদের ভালো লেগেছে। তবে শিক্ষার্থীরা জানায়, বইটির অধ্যায়গুলো বেশ দীর্ঘ, ভাষা কঠিন।
বিজ্ঞান বিষয়ে ‘দৈনন্দিন জীবনে বিজ্ঞান’, ‘বাংলাদেশের জনসংখ্যা’ ও ‘পানি’ অধ্যায়গুলো ভালো লেগেছে। তবে শিক্ষার্থীরা মনে করে, বিজ্ঞান বইয়ে পাঠ্য বিষয়ের পরিমাণ অনেক বেশি এবং কিছু কিছু অধ্যায় তাদের কাছে কঠিন মনে হয়েছে। দৃষ্টান্ত হিসেবে তারা ‘প্রতীক’, ‘সংকেত’ ও ‘যোজনী’ অধ্যায়গুলোর কথা বলেছে। বিজ্ঞান বইয়ে সাম্প্রতিক আবিষ্কার ও সাম্প্রতিক বিষয়াদি সম্পর্কে তথ্য থাকলে ভালো হতো বলে শিক্ষার্থীরা জানায়।