শিক্ষার্থীরা চান বিশ্বমানের অ্যাপস বানাতে

‘চাই বিশ্বমানের মোবাইল অ্যাপলিকেশন (অ্যাপস) তৈরি করতে। লক্ষ্যই যদি না থাকে কাজ করব কীভাবে!’ এভাবেই বললেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডিইউএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ছাত্র তানভীর হায়দার।
ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪-এ তিনি ফ্যাশন, কনস্ট্রাকশন ও রোবট শিরোনামে তিনটি অ্যাপসের ধারণাপত্র জমা দেবেন। অ্যাপস তৈরিতে এইচটিএমএল৫, সিএসএস৩ বা জাভা প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হবে।
ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪-এর বিশ্ববিদ্যালয় কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার এডিইউএসটির মিলনায়তনে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বক্তব্য দেন এডিইউএসটির সিএসই বিভাগের শিক্ষক সামীর আহমেদ, গতবারের প্রতিযোগিতার অন্যতম বিচারক জাহাঙ্গীর আলম ও এথিক্স অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) সম্পর্ক ও যোগাযোগ ব্যবস্থাপক তাসলিমুল হক। সেমিনারে অ্যাপস প্রতিযোগিতা ও অ্যাপসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
জাহাঙ্গীর আলম এডিইউএসটির শিক্ষার্থীদের নানা রকম দিকনির্দেশনা দেন। তিনি বলেন, ধারণাপত্র জমা দেওয়ার আগে অবশ্যই কাজের ক্ষেত্র সম্পর্কে নিশ্চিত হতে হবে। এ ছাড়া তিনি গত বছরের বিজয়ী অ্যাপসগুলোর কার্যকারিতা ও ব্যবসায়িক অবস্থান সম্পর্কে বলেন।
ধারণাপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। একজন শিক্ষার্থী জমা দিতে পারবেন একাধিক ধারণাপত্র।
বিস্তারিত: www.eatlapps.com।
—মো. রাফাত জামিল