শিক্ষার্থীরা পড়ছে অর্ধযুগ আগের তথ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন পাঠ্যক্রম, বইও নতুন। কিন্তু বেশির ভাগ তথ্যই পুরোনো।
নতুন পাঠ্যক্রম, বইও নতুন। কিন্তু বেশির ভাগ তথ্যই পুরোনো।

পাঠ্যবই নতুন হলেও শিক্ষার্থীরা পড়ছে পুরোনো তথ্য। একাধিক শিক্ষক বলছেন, ২০১৩ সালের পাঠ্যবইয়ের যেকোনো তথ্য কমপক্ষে ২০১২ বা ২০১১ সালের দেওয়া উচিত।
রংপুর কি বিভাগ বা সিটি করপোরেশন নয়?: দেশে এখন সিটি করপোরেশনের সংখ্যা ১০টি। কিন্তু সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইটিতে রংপুর সিটি করপোরেশন বা রংপুর বিভাগের নাম পর্যন্ত উল্লেখ করা হয়নি। ২০০৯ সালের অক্টোবরে রংপুর বিভাগ ঘোষণা করা হয়।
ঢাকা সিটি করপোরেশন ভেঙে ডিসিসি উত্তর এবং ডিসিসি দক্ষিণ করা হলেও তার উল্লেখ নেই।
সপ্তম শ্রেণীর বইটিতে ছয়টি মহানগরের কথা (পৃষ্ঠা ৪২) বলা হলেও অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইটিতে (৬১ পৃষ্ঠা) বলা আছে সাতটি মহানগরের কথা। তবে অষ্টম শ্রেণীর বইটিতে রংপুর সিটি করপোরেশনের নাম উল্লেখ আছে। কিন্তু গাজীপুরের কথা উল্লেখ নেই।
গড় আয়ুর তথ্য ১১ বছর আগের: সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইটির তথ্য অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু ৬০ দশমিক ৮ বছর। এই তথ্য ২০০১ সালের। নবম-দশম শ্রেণীর অর্থনীতি বইয়ে গড় আয়ু উল্লেখ আছে ৬৭ দশমিক ২ বছর। অর্থাৎ সপ্তম শ্রেণী এবং নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীরা দুই রকম তথ্য শিখবে।
সরকারের সর্বশেষ স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী (২০১২) বাংলাদেশের মানুষের গড় আয়ু ৬৭ দশমিক ৭ বছর। ২০১১ সালে গড় আয়ু ছিল ৬৭ দশমিক ২ বছর।
প্রায় সব তথ্য পুরোনো: অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইটির প্রায় সব তথ্য ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে। বইটিতে ২০০৭-০৮ অর্থবছরে চিনি উৎপাদনের পরিসংখ্যান, ২০০৭-০৮ অর্থবছরের সিমেন্ট উৎপাদনের তথ্য এবং ২০০৮-০৯ অর্থবছরের চা রপ্তানির তথ্য উল্লেখ করা হয়েছে। এসব তথ্য কোথাও টাকায়, কোথাও ডলারে, কোথাও মিলিয়ন বা বিলিয়ন এবং কোথাও লাখ বা কোটিতে উল্লেখ করা হয়েছে। অষ্টম শ্রেণীতে ২০০৮-০৯ অর্থবছরের তৈরি পোশাক থেকে আয়ের তথ্য উল্লেখ থাকলেও সপ্তম শ্রেণীর একই বইয়ে ২০০৯-১০ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি আয়ের তথ্য দেওয়া আছে। প্রকৃতপক্ষে এসব বইয়ে ২০১১-১২ সাল না পারলেও অনায়াসে ২০১০-১১ সালের তথ্য দেওয়া যেত এবং এটি খুবই সহজলভ্য সরকারি তথ্য। নবম-দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বইয়ে বেশির ভাগ তথ্য উল্লেখ করা হয়েছে সরকারের ২০১২ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী।
পশুবিষয়ক তথ্য, ভুল মানুষেরই: পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের ১১ পৃষ্ঠায় বলা আছে—‘ইংরেজ আমলের প্রথমদিকে অর্থাৎ শতিনেক বছর আগে, সুন্দরবনের গন্ডারের সংখ্যাধিক ছিল।’ ইংরেজ আমলের প্রথম দিক বলতে ১৭৫৭ সালের পরের এক-দুই বছরকে বোঝায়। হিসাব করলে দেখা যায়, ওই সময়টা এখন থেকে ৩০০ বছর আগে হতে পারে না।
স্ববিরোধী বক্তব্য: পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের ১২ পৃষ্ঠায় আছে, ‘এখন বাংলাদেশে শকুন প্রায় দেখাই যাচ্ছে না’—কয়েক লাইন পর বলা হয়েছে ‘মানুষের যা ক্ষতিকর, সেসব আবর্জনা শকুন খেয়ে ফেলে এবং সে কারণেই আমাদের চারদিকে পরিমণ্ডল বসবাসের যোগ্য রয়েছে। আমরা অস্বাস্থ্যকর পরিবেশ দ্বারা আক্রান্ত হচ্ছি না।’ যে প্রাণীটি প্রায় দেখাই যায় না সে প্রাণীটির কল্যাণে আমরা অস্বাস্থ্যকর পরিবেশ দ্বারা আক্রান্ত হচ্ছি না—এই যুক্তির ভেতর মিল খুঁজে পাওয়া যায় না।
একই বইয়ে বলা আছে—‘রয়্যাল বেঙ্গল টাইগার’ নামটি পৃথিবীতে সবাই জানে এবং জানে যে এই টাইগার বেঙ্গলে অর্থাৎ বাংলাদেশেই একমাত্র দেখা যায়।’ প্রকৃতপক্ষে বাংলাদেশ ছাড়াও ভারতে রয়েল বেঙ্গল টাইগার দেখা যায়।
সন, তারিখ নিয়ে ত্রুটি: অষ্টম শ্রেণীর নিম্নমাধ্যমিক সংগীত বইয়ে প্রথম মুদ্রণের তারিখ উল্লেখ আছে ‘জুন ২০০১ ইং’। এটা ভুল। ইং মানে ইংরেজি, ২০০১ ইংরেজি নয়, খ্রিষ্টীয় বর্ষ।
নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইটিতে ১৭১ পৃষ্ঠায় ‘খ্রিষ্টাব্দে’ বানানটি ভুল করে ‘খ্রিষ্টব্দে’ লেখা হয়েছে। অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ৫৪ পৃষ্ঠায় লেখা আছে, ‘৩০ জুন তারিখে’। আসলে ৩০ জুন বললে তারিখ উল্লেখ করার দরকার হয় না। ষষ্ঠ শ্রেণীর একই বইয়ের ৩৬ পৃষ্ঠায় বলা আছে—‘ছয় খ্রিষ্টপূর্বাব্দ থেকে ভারতজুড়ে ধর্ম সংস্কার চলতে থাকে।’ ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থীর পক্ষে ‘ছয় খ্রিষ্টপূর্বাব্দ’ শব্দ দুটির মর্মার্থ উদ্ধার করা কঠিন।
বাংলাদেশে অর্থবছর ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত। কিন্তু নবম-দশম শ্রেণীর অর্থনীতি বইয়ে অর্থবছর উল্লেখ করা হয়েছে
জুন থেকে জুলাই।

জনসংখ্যা বিভ্রাট
ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ২০ পৃষ্ঠায় আছে জনসংখ্যা ১৪ কোটি ৬৬ লাখ। ৪০ পৃষ্ঠায় আছে ১৪ কোটি ৯৭ লাখ। অষ্টম শ্রেণীর একই বইয়ে আছে, বর্গকিলোমিটারে ৯৯৩ জন বাস করে, ষষ্ঠ শ্রেণীর বইয়ে বলা আছে এক হাজারেরও বেশি। নবম শ্রেণীর ভূগোল বইয়ে আছে, প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১,০১৫ জন।

মিটার নয় ফুট
পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের ১০৭ পৃষ্ঠায় ‘হিমালয়ের শীর্ষে বাংলাদেশের পতাকা’ শীর্ষক একটি নতুন লেখা এবার অন্তর্ভুক্ত হয়েছে। বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমকে নিয়ে রচিত ওই বর্ণনায় উল্লেখ আছে, হিমালয়ের উচ্চতা ২৯,০৩৫ মিটার। প্রকৃতপক্ষে এটি হবে ২৯,০৩৫ ফুট।

প্রকাশে সীমাবদ্ধতা
পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে আছে—‘সশস্ত্রযুদ্ধে আমাদের মুক্তি সেনারা প্রাণ দেন।’ প্রশ্ন হচ্ছে, সবাই কি প্রাণ দিয়েছেন? ‘বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ’ শীর্ষক নিবন্ধে আছে ‘বীরের পুত-পবিত্র রক্তস্রোত আর মাতার অশ্রুধারায় স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে বাংলাদেশের।’ এর মানে বাংলাদেশ দেশ বা ভূখণ্ড নয়, একটি স্বাধীন জাতি।

বইয়ের ছবি
শিক্ষার্থীরা বইয়ে রঙিন ছবির পক্ষে মত দিয়েছে। বইয়ে লেখক ও দর্শনীয় স্থানের ছবি এবং ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক আরও ছবি দরকার। কিছু ছবিতে শিক্ষার্থীরা বস্তুটি সম্পর্কে ধারণা পায় না। এ প্রসঙ্গে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের ফ্লাইওভারের ছবির কথা বলেছে তারা। বিজ্ঞান বইয়ে গাছের ছবিগুলো অবাস্তব।

মুদ্রণ ও মলাট
শিক্ষার্থীরা মনে করে, বইয়ের বাঁধাই শক্ত নয়। স্কুলব্যাগ না থাকায় অনেক শিক্ষার্থীর বই ঘামে ও বৃষ্টিতে ভিজে যায়। বইয়ের ওপরে লেমিনেটিং বা পলিথিনের আবরণ দেওয়া উচিত। মলাটের ছবি আরও আকর্ষণীয় হওয়া উচিত। বাঁধাই সমস্যায় অনেক লেখা কেটে গেছে। ছোট শব্দ দিনে পড়তে সমস্যা হয় না, কিন্তু হারিকেনের আলোয় পড়তে সমস্যা হয়।