শিক্ষার্থীরা ফেসবুকে যান চাকরির জন্য!
বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ব্যবহারকারীর বড় একটি অংশ শিক্ষার্থী। এর প্রায় অর্ধেক ভবিষ্যতের পেশাজীবন গড়ার সুবিধার্থে ফেসবুকে নিজেদের নানা তথ্য দিয়ে থাকেন। যুক্তরাজ্যের ইনফরমেশন কমিশন অফিস (আইসিও) থেকে পরিচালিত এক জরিপে এ তথ্য পাওয়া গেছে। তবে শুধু ফেসবুকেই নয়, শিক্ষার্থীদের নিজেদের এসব তথ্য বিভিন্ন সামাজিক যোগাযোগের সাইটেও রাখেন চাকরির সুযোগ বাড়বে—এ আশায়। তথ্য কমিশনার ক্রিস্টোফার গ্রাহাম বলেন, বর্তমান সময়ে এসব মাধ্যমে খুব সহজেই নিজেদের তথ্য দিয়ে দিচ্ছেন তরুণেরা। এসব ক্ষেত্রে নিজেদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি তাঁরা তেমন গুরুত্বের সঙ্গে নেন না এবং এটাও তাঁরা নিশ্চিত নন, এসব তথ্য দিয়ে তাঁরা কী করবেন।বর্তমানে বিভিন্ন ধরনের নিয়োগের ক্ষেত্রে ওই প্রার্থীর তথ্য পেতে প্রতিষ্ঠানগুলো গুগল কিংবা সামাজিক যোগাযোগের সাইটের সাহায্য নেয়। তাই সামাজিক যোগাযোগের সাইটে একজন প্রার্থী কী কী কাজ করছেন, কী তথ্য রাখছেন, তাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আইসিওর ‘স্টুডেন্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ শীর্ষক কার্যক্রমের অংশ হিসেবে এ জরিপ চালানো হয়। এ কার্যক্রমের মূল উদ্দেশ্য তরুণদের সঠিক তথ্য পাওয়া এবং তথ্যের সঠিক ব্যবহারের বিষয়টি জানানো। যুক্তরাজ্যের প্রায় ১৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে যুক্ত হচ্ছেন। যেকোনো ধরনের গোপন তথ্য সহজেই অনলাইন কিংবা ফেসবুকে দেওয়ার ক্ষেত্রে ভেবেচিন্তে দেওয়ার বিষয়টি তুলে ধরা হচ্ছে এ কার্যক্রমের মাধ্যমে। —দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আশফাক আলম