শিকড়ের ডানা
ভোরেই আমাদের যাত্রা শুরু হয়েছিল। ঢাকা থেকে নারায়ণগঞ্জ পথটার যে ঝক্কি, তাতে সায়েদাবাদ-যাত্রাবাড়ী সরগরম হয়ে ওঠার আগেই তা পেরিয়ে যাওয়া দরকার। ঢাকা থেকে আমাদের ছোট দলটা বিভিন্ন জায়গায় থেমে থেমে বন্ধুসভার কয়েকজন বন্ধুকে তুলে ঠিকই আটটা বাজার আগেই পৌঁছে গেল নারায়ণগঞ্জ। এখানকার নারায়ণগঞ্জ উচ্চবিদ্যালয়ের মাঠে হবে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব। স্কুলের শিক্ষার্থীদের মধ্য থেকেই নির্বাচিত হবে আই-জিনিয়াস।একটি ছোট্ট রেস্তোরাঁয় আমরা সকালের নাশতা সারলাম। এ কথা উল্লেখ করার কারণ হলো, রেস্তোরাঁটি দেড় শ বছরের পুরোনো। ভালো ভাজি-পরোটা-হালুয়ার জন্য রেস্তোরাঁটির সুনাম আছে।স্কুল প্রাঙ্গণে প্যান্ডেল। প্যান্ডেলের পাশে গ্রামীণফোনের বেশ কিছু স্টল, প্রথম আলো, প্রথম আলো বন্ধুসভারও স্টল। নয়টার মধ্যেই শিক্ষার্থীদের বড় অংশ স্কুলে এসে হাজির। গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে কী হয়, সেটা নিশ্চয়ই এত দিনে পাঠকের জানা হয়ে গেছে। জাতীয় সংগীত, বক্তৃতা পর্বের পর শুরু হয় আই-জিনিয়াস প্রতিযোগিতা। এটিই সবচেয়ে আকর্ষণীয় অংশ। একেকটি দল মোবাইল ফোন হাতে নিয়ে মঞ্চে উঠবে। দ্রুত মোবাইলের ইন্টারনেট ঘেঁটে প্রশ্নের উত্তর দিতে হবে। এভাবে কয়েকটি গ্রুপে যারা প্রথম হবে, তাদের নিয়েই মূল প্রতিযোগিতা এবং সেখান থেকেই আই-জিনিয়াস নির্ধারণ। বিষয়টি নিয়ে এত বেশি লেখা হয়েছে যে এখানে তার পুনরাবৃত্তির দরকার নেই।অনুষ্ঠান শুরু হওয়ার আগে গ্রামীণফোনের কর্মকর্তা-কর্মীদের পাশাপাশি নারায়ণগঞ্জ বন্ধুসভার আগ্রহ-উদ্দীপনা ছিল দেখার মতো। ঢাকা থেকে আগের রাতে বন্ধুসভার যাঁরা নারায়ণগঞ্জ চলে এসেছিলেন, তাঁদেরও আগ্রহের কমতি নেই। এ রকম কর্মী বাহিনী থাকলে আসলে দুশ্চিন্তার কিছু থাকে না। স্কুলের বন্ধ থাকা লাইব্রেরির দিকে উঁকি দিলাম জানালা দিয়ে। তাতেই আমার চক্ষু চড়কগাছ! আরে! নারায়ণগঞ্জের একটি স্কুলের লাইব্রেরিতে সত্যিই কি আমি এই বইগুলো দেখছি! স্বাধীনতার দলিল, রবীন্দ্র রচনাবলি, মানিক রচনাবলির পাশাপাশি আবদুল্লাহ আবু সায়ীদ, দ্বীজেন শর্মার কিশোর সমগ্র দেখে আমি উত্তেজিত। পরে কথা বলে জানলাম, শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ আছে। আগ্রহের কারণ খুলে গেল পাঠাগারের দরজা, ভেতরে ঢুকে বইয়ের তালিকা দেখে আমি মুগ্ধ। এসেছি ইন্টারনেটের মাধ্যমে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার অনুষ্ঠানে। কিন্তু এই বইগুলো দেখে ভালো লাগছে। মঞ্চে যখন আই-জিনিয়াসদের প্রশ্ন করা হচ্ছে, বিখ্যাত সানফ্লাওয়ার চিত্রকর্মটি কে রচনা করেছেন, তখন আমার মন বলছে, আহা! ইন্টারনেটের মাধ্যমে যদি আমাদের ইতিহাসটাই সোজাসাপ্টা জানা যেত! যে শিক্ষার্থীরা আজ এখানে মোবাইল হাতে বসে গেছে আই-জিনিয়াস হতে, তাদের মধ্যে কেউ যদি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিজের মতো করে সংগ্রহ করে ছড়িয়ে দিত অন্তর্জালে, অন্তত নিজেদের শহরের গৌরবের ইতিহাস! এই নারায়ণগঞ্জের শিশুরাই লিখুক না, কেন এই শহরটিতে প্রাচ্যের ডান্ডি বলা হয়, ভাষা আন্দোলনে নারায়ণগঞ্জের ভূমিকা, মর্গান স্কুল ও তার প্রধান শিক্ষক মমতাজ বেগমের কথা! নিজের শহর থেকেই শুরু হোক ওয়েবে ভেসে বেড়ানোর খেলা। এটা যদি হতো, তাহলে শিকড়ের ডানায় ভেসে স্বপ্নগুলো চলে আসত একেবারে হাতের মুঠোয়।আর হ্যাঁ, ১৯২৬ সালের ২৭ ফেব্রুয়ারি এই স্কুল প্রাঙ্গণেই রবীন্দ্রনাথ এসেছিলেন, বক্তৃতা করেছিলেন, এই সংবাদ পেয়ে মনটা আনন্দে ভরে উঠল। ইন্টারনেট উৎসবের আসরটা ঠিক জায়গায়ই বসেছে। এখানেই তো খুঁজে পাওয়া যাবে শিকড়ের ডানা!