শিগগিরই আসছে গুগলের নতুন ফোন
সার্চ ইঞ্জিন গুগল দ্বিতীয়বারের মতো মোবাইল ফোনের বাজারে ঢুকতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি খুব শিগগিরই নেক্সাস এস ফোন বাজারে ছাড়বে। স্যামসাং কোম্পানির তৈরি এই ফোন আগামী ১২ মাসেরও কম সময়ের মধ্যে সারা বিশ্বের বাজারে আসবে। তবে প্রথমে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বাজারে পরীক্ষামূলকভাবে ছাড়া হবে। গুগলের নিজস্ব ব্লগে বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে এবং ২০ ডিসেম্বর যুক্তরাজ্যের বাজারে আসবে। গুগলের তৈরী মোবাইলের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রোয়েডের সর্বশেষ সংস্করণ এতে ব্যবহার করা হয়েছে। এ সংস্করনের নাম দেওয়া হয়েছে জিনজারব্রেড। এই ফোনে নিয়ার ফিল্ড কমিউনিকেশনস (এনএফসি) ও জিরোস্কোপের মতো নতুন হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে। এতে থাকছে ১৬ গিগাবাইট মেমোরি বা স্মৃতিভাণ্ডার। নেক্সাস এস ফোনে যে কেউ ইচ্ছে করলে ভিওআইপি অ্যাকাউন্ট স্থাপন করতে পারবে এবং ইন্টারনেটের মাধ্যমে বিদেশে ফোনে কথা বলতে পারবে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান