শিগগিরই ডট গুগল, ডট অ্যাপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই ওয়েবসাইটের ডোমেইন নামের ক্ষেত্রে নতুন এক মাত্রা যুক্ত হতে যাচ্ছে। এ বিষয়টি নিয়ে গত বছরের জুন থেকেই চলছে নানা ধরনের আলোচনা। নতুন ডোমেইনের অংশ হিসেবে শুরু হতে পারে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের ডট গুগল এবং প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপলের ডট অ্যাপল ডোমেইন।

আন্তর্জাতিক ডোমেইন নিয়ন্ত্রক সংস্থা ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন) গত বছরের জুন মাসে ডোমেইনের জন্য নাম আহ্বান করে। এতে অসংখ্য ডোমেইন নামের আবেদন পড়ে। এরই অংশ হিসেবে শিগগিরই নতুন ডোমেইন হিসেবে ঘোষণা আসতে পারে ‘ডট গুগল’ ও ‘ডট অ্যাপল’।

বিপুল সংখ্যক আবেদনের মধ্যে আইসিএএনএন এক হাজার ৯৩০টি ডোমেইন নির্বাচন করেছে। প্রতিটি ডোমেইনের জন্য আবেদনকারীকে এক লাখ ৮৫ হাজার ডলার জমা দিতে হয়েছে। বিপুল পরিমাণ এ টাকার বিনিময়ে হলেও অনেকেই নিজস্ব ডোমেইন নাম নিতে চান। পুরো ব্যাপারটি নিয়ে নানা ধরনের জটিল প্রক্রিয়ার মধ্যেই পড়েছিল আইসিএএনএন। তবে এ ব্যবস্থা চালু হলে যে প্রতিষ্ঠানগুলো ডোমেইন কিনছে, তারা নিজেদের সাইটকে স্প্যামিং সাইটগুলোর আক্রমণ থেকে রক্ষা করতে পারবে। আইসিএএনএন জানায়, প্রতিষ্ঠানের শুধু নিরাপত্তাই নয়, পাশাপাশি নিজস্ব ডোমেইন ব্যবহারের মাধ্যমে ব্র্যান্ডিংও আগের চেয়ে বেশি হবে বলেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এ উদ্যোগের ফলে দীর্ঘদিনের ডট কম, ডট অর্গ, ডট ইনফো ইত্যাদি ডোমেইনের পাশাপাশি নির্দিষ্ট প্রতিষ্ঠানের নামেই দেখা যাবে অনেক ডোমেইন। অর্থাৎ গুগলের ওয়েবসাইটের নাম হবে ডট গুগল, অ্যাপলের হবে ডট অ্যাপল ইত্যাদি। —সিএনএন অবলম্বনে কাজীআলম