শিগগিরই স্বস্তি আসছে না থাইল্যান্ডে

নতুন সরকার গঠন করতে শেষ পর্যন্ত হয়েই গেল থাইল্যান্ডের আলোচিত নির্বাচন। কিন্তু বিরোধীদের বয়কটের মধ্যে অনুষ্ঠিত এ আগাম নির্বাচন ইংলাক সিনাওয়াত্রার সরকার ও সাবেক উপপ্রধানমন্ত্রী সুথেপ থাগসুবানের পিপলস ডেমোক্রেটিক রিফর্ম কমিটির (পিডিআরসি) মতদ্বৈধতাকে দূর করতে পারবে বলে মনে হয় না। বরং ক্রমেই বেশি করে সংঘাতময় হয়ে উঠছে এই দুপক্ষের মতবিরোধ।
পর্যবেক্ষকেরা বলছেন, থাইল্যান্ডকে ঐক্যবদ্ধ করা নয়, বরং দেশটিকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলা রাজনৈতিক ও সামাজিক বিভেদই স্পষ্ট করেছে এ নির্বাচন। বিশেষ করে এ অবস্থার সৃষ্টি হয়েছে ২০০৬ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে। ওই অভ্যুত্থানে ইংলাক সিনাওয়াত্রার বড় ভাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে উৎখাত করা হয়। নিজের চেষ্টায় ধনকুবের হওয়া থাকসিন স্বেচ্ছা নির্বাসনে বিদেশে রয়েছেন। ইংলাকের পুয়ে থাই দল ২০১১ সালের নির্বাচনে ব্যাপক জয় পেয়ে ক্ষমতায় বসে। পুয়ে থাইয়ের এ সাফল্যের পেছনে ছিল দলটির আগের ভোটার খুশি করা নানা নীতির কারণ। গ্রামীণ ও কর্মজীবী শ্রেণীর মানুষ প্রায় একচেটিয়াভাবে ভোট দেন দলটিকে।
থাকসিনের বিদায়ের এত দিন পর ক্ষমতার মঞ্চে তাঁর পরিবারের ফিরে আসা বিরোধীদের ক্ষুব্ধ করে তোলে। এই বিরোধীদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতৃত্ব, অভিজাত শ্রেণী ও পুরোনো রীতিনীতির পৃষ্ঠপোষক ধনিকশ্রেণী। তাঁরা মনে করেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর বিদেশে থেকে একের পর এক নতুন নামের দল খুলে থাকসিন ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছেন। পুয়ে থাই তার সাম্প্রতিকতম নজির মাত্র। থাইল্যান্ডের রাজনৈতিক ব্যবস্থার ত্রুটির সুযোগ নিয়ে তাঁরা ক্ষমতায় টিকে থাকছেন। এ থেকে রক্ষা পেতে বর্তমান ব্যবস্থার সংস্কার দরকার।
নির্বাচনে নিজেদের সাফল্যের সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় বলে সুথেপ থাগসুবান ও পিডিআরসি নির্বাচন বয়কট করে এক ‘গণপরিষদের’ দাবিতে রাজপথে নামে। তাদের দাবি ছিল, নির্বাচনের আগে এ পরিষদ প্রয়োজনীয় সংস্কার আনবে। সুথেপের কর্মসূচি ব্যাংককের উচ্চ ও মধ্যবিত্তদের সমর্থন পায়। এই শ্রেণীর আশঙ্কা, দেশের ওপর তাদের বরাবরের নিয়ন্ত্রণ ধীরে ধীরে শিথিল হয়ে পড়ছে। অন্যদিকে, এরা নির্বাচনী প্রক্রিয়ার বিরোধিতা করায় গ্রামীণ ও শহরের নিম্ন আয়ের কর্মজীবী মানুষ ক্ষুব্ধ। তারা পুয়ে থাই দল তথা নির্বাচনী প্রক্রিয়ার পক্ষে অবস্থান নেয়। এই তিক্ত বিরোধ একপর্যায়ে রাজপথে রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেয়। গত সপ্তাহে নির্বাচনবিরোধীরা ব্যালট পেপার সরবরাহে বাধা দিলে দুপক্ষের মধ্যে গুলিবিনিময় পর্যন্ত হয়। তার কয়েক দিন আগে আগাম ভোটের সময় ভোট দিতে আগ্রহী লোকজনকে হয়রানি এমনকি কিছু ক্ষেত্রে হামলাও করা হয়। এ পর্যন্ত দুপক্ষের সংঘাতে অন্তত ১০ জন নিহত ও কয়েক শ আহত হয়েছে।
থাইল্যান্ডে সরকারবিরোধী প্রতিবাদ-বিক্ষোভ ও বিক্ষিপ্ত সহিংসতা চলছে কয়েক মাস ধরেই। বর্তমান দফা আন্দোলনের বয়স তিন মাস। এটি শুরু হয়েছিল ইংলাক সরকার একটি বিতর্কিত সাধারণ ক্ষমা বিল পাসের উদ্যোগ নেওয়ায়। ওই বিল পাস হলে তা থাকসিনের ক্ষমা পেয়ে দেশে ফেরার পথ উন্মুক্ত করত। শেষ পর্যন্ত প্রবল বিরোধিতার মুখে বিলটি পাসের চেষ্টা বাদ দেয় ইংলাক সরকার।
রোববারের নির্বাচনে ৩৭৫টি আসনের মধ্যে ৩৩৩টিতে ভোট দিতে পেরেছেন থাইল্যান্ডের মানুষ। অনেকেই ভোট দিয়েছেন শান্তি, স্বস্তি ফিরে পাওয়ার আশায়। উইতুন ভিতুন তাঁদেরই একজন। কুরিয়ার প্রতিষ্ঠানের কর্মচারী ৫৬ বছর বয়সী ভিতুন বলেন, ‘আমি চাই দেশে শান্তি ফিরে আসুক। আর এ নির্বাচন শান্তি ফিরিয়ে আনার একটি উপায়। দেশে এখন রাজতন্ত্র নেই। চালু হয়েছে গণতন্ত্র। কাজেই ভোট দিতে হবে।’
উইতুন ভিতুনের মতো উৎসাহী ভোটারের সংখ্যা কম নয়। তার পরও অনেকেই ভোটবিরোধীদের বাধায় কেন্দ্রে যেতে পারেননি। এখানেই শেষ নয়, ভোট হয়ে যাওয়ার পরও ক্ষান্ত দিচ্ছে না বিরোধীরা। ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ তুলে আদালতে পুয়ে থাইয়ের জয়কে চ্যালেঞ্জ করেছে তারা। এমনকি ইংলাকের দলের বিলুপ্তির আবেদনও করা হয়েছে।
গায়ের জোরে এভাবে ভোটদানে বাধা দেওয়ার বিষয়টিকে ‘স্তম্ভিত করে দেওয়ার মতো ও নজিরবিহীন’ বলে আখ্যা দিয়েছে প্রভাবশালী মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। সংগঠনটির স্থানীয় এক কর্মকর্তা জানান, বিশেষ করে গণতান্ত্রিক সংস্কার এবং জনগণের ক্ষমতায়ন ও উন্নয়ন চায়, এমন একটি রাজনৈতিক দলের ভোট বয়কট তথা নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দেওয়ার এ রকম নজির থাইল্যান্ডে নেই।
পিডিআরসি-সমর্থকদের মতে, সদ্য অনুষ্ঠিত এ নির্বাচন অর্থহীন। নির্বাচনের আগে অবশ্যই সংস্কার দরকার। নির্বাচনবিরোধী বিক্ষোভে যোগ দিয়েছিলেন ব্যাংককের বাসিন্দা সোমফব পিয়েনপিতাক (৫৭)। তিনি বলেন, ‘আমি মনে করি, নির্বাচনের আগে সংস্কার হওয়া প্রয়োজন।’ ৪৩ বছর বয়সী নোকের বিশ্বাসও এ রকম। দেশের জন্য মরতেও রাজি তিনি। ‘আমি ভয় পাচ্ছি না। রাজপথে নেমে মরার ভয়ে ভীত নই’—প্রত্যয়ী কণ্ঠে বলেন নোক।
বিপক্ষ শিবিরেও একই রকম জোশ। সরকার-সমর্থক ৩০ বছর বয়সী নারী মে বলেন, ‘আমরা একেবারেই বিভক্ত হয়ে পড়েছি। দেখা যাচ্ছে, নিজের পছন্দের আদর্শ রক্ষার জন্য লোকে মরতেও রাজি। আমার তো মাঝেমধেই মনে হয়, গৃহযুদ্ধ বেধে যাওয়া ব্যাপারই না।’
সুমন কায়সার, সূত্র: টাইম ম্যাগাজিন