শিগগিরই স্মার্টফোনে পাসপোর্ট!

দেশের বাইরে যাবেন। কিন্তু বিমানবন্দরে গিয়ে দেখলেন পাসপোর্ট আনতে ভুলে গেছেন। এ ক্ষেত্রেও চিন্তার কিছু নেই। শিগগিরই আসছে কাগজ ছাড়া পাসপোর্ট। আর এই পাসপোর্ট সংরক্ষিত থাকবে স্মার্টফোনেই। যুক্তরাজ্য ভিত্তিক বাণিজ্যিক পাসপোর্ট প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান এই প্রযুক্তি তৈরিতে কাজ করছে।
ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের খবরে বলা হয়েছ, ওই প্রতিষ্ঠানটির নাম রিলাক্স এজ ডি লা রুই। এই প্রযুক্তি ব্যবহার করে ভ্রমণকারী কাগজের পাসপোর্ট ছাড়াই বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারবেন। সে ক্ষেত্রে স্মার্টফোনে থাকা ওই ডিজিটাল পাসপোর্ট থাকলেই চলবে। দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, এটা অনেকটা মোবাইল বোর্ডিং কার্ডের মতো যেটা ব্যবহার করে ভ্রমণকারী বিমানবন্দর ব্যবহার করে বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারবেন।
ওই প্রতিষ্ঠানের একজন মুখপাত্র বলেছেন, তারা কাগজ ছাড়া ওই পাসপোর্ট ছাড়াও আরও বেশ কিছু বিষয় নিয়ে কাজ করছেন। আর পাসপোর্টের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে পাসপোর্ট জালিয়াতি, বিভিন্ন দেশে বাধা ও স্মার্টফোন হারিয়ে গেলে নিরাপত্তা নিয়ে শঙ্কা এই ডিজিটাল পাসপোর্টের সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে। ইতিমধ্যে ওই পাসপোর্ট পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে।
নিরাপত্তা প্রতিষ্ঠান প্রুফ পয়েন্টের কর্মকর্তা ডেভিড জিভানস বলেছেন, স্মার্টফোনে ওই ডিজিটাল পাসপোর্ট রাখতে ফোনে নতুন একটি হার্ডওয়্যার স্থাপন করতে হবে। এতে করে ফোন থেকে ওই পাসপোর্ট কপি করা যাবে না।