
চারপাশে খুদে বিজ্ঞানীদের আনাগোনা। হঠাৎ আকাশে উড়ল ড্রোন! হুড়মুড় পড়ে গেল শিক্ষার্থী, অভিভাবক আর আশপাশের মানুষদের মধ্যে। বাংলাদেশি উদ্ভাবকদের তৈরি ড্রোন আকাশে উড়েছে গতকাল শুক্রবার শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসে। ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৪’ নামে দুই দিনের এ বিজ্ঞান কংগ্রেসে আরও ছিল প্রকল্প ও পোস্টার প্রদর্শনী, নিবন্ধ উপস্থাপনা, যৌথ কংগ্রেস, বিজ্ঞান বইয়ের মেলাসহ নানা আয়োজন। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির (এসপিএসবি) আয়োজনে এ কংগ্রেসের সহ-আয়োজক বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)। সহযোগিতায় রয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। গতকাল শুক্রবার ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে কংগ্রেসের উদ্বোধন করে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘বিজ্ঞানকে জনপ্রিয় করে তুলতে এ ধরনের উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের জন্য দারুণ। গণিত অলিম্পিয়াড যেমন বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে গণিতভীতি দূর করার ব্যাপারে কাজ করছে, তেমনি বিজ্ঞানের বিষয়গুলো জনপ্রিয় করে তুলতে এ ধরনের উদ্যোগ সহায়তা করবে।’ অনুষ্ঠানে বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সবুর খান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) ব্যবস্থাপনা পরিচালক এ এ এম জাকারিয়া, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক মো. হুমায়ুন কবির খান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, এফএসআইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক ওয়াসেক মো. আলী, এসপিএসবির সহসভাপতি মুনির হাসান, বিএফএফের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী এবং কংগ্রেসের আহ্বায়ক ফারসীম মান্নান মোহাম্মদীসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষা গবেষক ফারহানা মান্নান।
অনুষ্ঠানে বক্তারা জানান, দেশের বিজ্ঞান শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি অনুরাগী ও বিজ্ঞানের মূল রীতিনীতির ওপর দক্ষ করে তোলার লক্ষ্যে গত বছর থেকে শুরু হয় শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস। সারা দেশের খুদে বিজ্ঞানীদের নিয়ে আয়োজন করা হয়েছে উৎসবের।
কংগ্রেসে ১৬৩টি বিজ্ঞান প্রকল্প, ১১১টি বিজ্ঞান পেপার ও ৭৬ পোস্টার প্রদর্শিত হচ্ছে। এ ছাড়া উদ্বোধন শেষে ছিল উন্মুক্ত বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা। আজ পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হবে এবারের কংগ্রেস। কংগ্রেসের মূল পৃষ্ঠপোষকতায় রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। সহযোগী হিসেবে রয়েছে কিশোর আলো, বেসিস, ডিআইইউ, রকমারি ডট কম ও জিরো টু ইনফিনিটি।
—নুরুন্নবী চৌধুরী