শিশু-কিশোরদের জন্য তথ্যপ্রযুক্তির আয়োজন

মিলনায়তন জুড়ে কয়েক শ শিশু-কিশোর। এদের কেউ প্রযুক্তিভিত্তিক প্রকল্প প্রদর্শন করছে, কেউ আবার কম্পিউটারে গেম খেলছে। পাশে থাকা কম্পিউটার ল্যাবে কেউ কেউ আবার কম্পিউটার প্রোগ্রামিং করছে। এমন দৃশ্য রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) গতকাল শনিবারে অনুষ্ঠিত হওয়া ‘মাই ই কিডস ক্যাম্প’–এর। ‘টু এক্সেল ইন ক্রিয়েটিভিটি উইথ আইসিটি’ স্লোগানে শিশু-কিশোরদের জন্য এই আয়োজন করে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দেওয়ার প্রতিষ্ঠান মাই ই কিডস ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল।
গতকাল সকালে এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বার বলেন, আমাদের প্রত্যেকটি ছেলেমেয়ের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। তাদের যত্নের সঙ্গে সঠিক দিকনির্দেশনা দিয়ে বড় করুন, যাতে তারা উজ্জ্বল¦দৃষ্টান্ত স্থাপন করতে পারে। মাই ই কিডস ক্যাম্প-২০১৭–এর আহ্বায়ক রহিমা কে মির্জা রোজমেরীর সভাপতিত্বে ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান, ইএমকে সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা এম কে আরেফসহ অনেকে অনুষ্ঠানে বক্তব্য দেন।
দিনব্যাপী এই আয়োজনে ছিল প্রযুক্তি মেলা, প্রকল্প প্রদর্শনী, কম্পিউটার প্রোগ্রামিং, মাইন্ড ম্যাপিং, কম্পিউটার গেমসহ নানা আয়োজন। গতকাল বিকেলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।