শিশু নির্যাতন রোধে মাইক্রোসফটের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু নির্যাতন রোধে সক্রিয় হচ্ছে সার্চইঞ্জিনগুলো
শিশু নির্যাতন রোধে সক্রিয় হচ্ছে সার্চইঞ্জিনগুলো

বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট শিশু নির্যাতন রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে। এর ফলে এখন মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং-এ কেউ তথ্য খোঁজার সময় শিশু নির্যাতনবিষয়ক তথ্য হলে বিশেষ পপ-আপ দেখাবে। বিশেষ করে অনৈতিক শিশু নির্যাতন বিষয় যৌন হয়রানির ছবির ক্ষেত্রে ব্যবহারকারীকে এ সতর্কতাবিষয়ক পপ-আপ দেখানো হবে। বর্তমানে যুক্তরাজ্যের ব্যবহারকারীদের জন্য মাইক্রোসফট এ সুবিধা চালু করেছে। যুক্তরাজ্য সরকারের বিশেষ উদ্যোগের ফলে মাইক্রোসফট এমন সিদ্ধান্ত নিল। এর ফলে শিশু নির্যাতনবিষয়ক শব্দগুলোকেও নিষিদ্ধ করার ব্যাপারে কাজ চলছে। একই ধরনের সেবা খুব শিগগিরই চালুর ব্যাপারে উদ্যোগ নিয়েছে আরেক সার্চ ইঞ্জিন ইয়াহু। তবে এ ব্যাপারে এখনো শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল কিছু জানায়নি। তবে শিশু নির্যাতনবিষয়ক অবৈধ তথ্যের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে গুগল।
নতুন এ সুবিধা চালু হওয়ায় শিশু নির্যাতনবিষয়ক তথ্য কিংবা ছবির ক্ষেত্রে ব্যবহারকারীকে তাৎক্ষণিকভাবে সতর্ক করা হবে যে এসব তথ্য ও ছবি অনৈতিক, যা আইন লঙ্ঘন করে। এসব তথ্য খোঁজা কিংবা ব্যবহার থেকে বিরত থাকারও আহ্বান জানানো হবে এ ব্যবস্থায়। মাইক্রোসফটের মুখপাত্র জানান, ইন্টারনেটে শিশুদের যৌন হয়রানিবিষয়ক ছবি ও তথ্যের অবৈধ ব্যবহার রোধে নেওয়া উদ্যোগগুলোর মধ্যে এটি একটি। এ কার্যক্রমে মাইক্রোসফট দ্য চাইল্ড এক্সপ্লোটেশন এবং অনলাইন প্রটেকশন সেন্টারের (সিইওপি) সঙ্গে যৌথভাবে কাজ করছে। সিইওপির উপপ্রধান নির্বাহী অ্যান্ডি বাকের বলেন, ‘শিশু নির্যাতনবিষয়ক অনৈতিক ছবি, ভিডিও ইত্যাদির অবৈধ ব্যবহার রোধে আমরা যৌথভাবে কাজ করব।’ শিশু নির্যাতন রোধে বিশ্বখ্যাত প্রযুক্তির প্রতিষ্ঠানগুলোর এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইন্টারনেট বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এর ফলে ইন্টারনেটের দুনিয়ায় শিশু নির্যাতনের বিষয়ে সচেতনতাও তৈরি হবে। —দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম