
ফেসবুকেই হোক আর স্মার্টফোনেই, প্যান্ডা পপ জনপ্রিয় গেমগুলোর একটি। ২০১২ সালে স্মার্টফোনের জন্য প্রকাশিত প্যান্ডা জ্যাম পাজল গেমেস সিক্যুয়েল প্যান্ডা পপ সবচেয়ে বেশি খেলা এবং ইনস্টল হওয়া গেমগুলোর মধ্যে শীর্ষে আছে।
প্যান্ডা পপ গেমে মূলত এক শিশু প্যান্ডাকে বাঁচানোর পরিকল্পনা করতে হবে। দুষ্ট এক বেবুন শিশু প্যান্ডাকে অপহরণ করে নিয়ে আটকে রাখে। আপনার কাজ হবে গেমের দুর্দান্ত সব ধাপ পেরিয়ে শিশু প্যান্ডাকে বাঁচিয়ে আনা।
গেমস নির্মাতা এসজিএন গেমটি বাজারে ছাড়ার পর থেকেই এটি বেশ আলোচিত। প্যান্ডা পপ গেমে আপনাকে নানান রঙের বুদ্বুদ ফাটিয়ে শিশু প্যান্ডাকে দুষ্ট বেবুনের হাত থেকে বাঁচাতে হবে। গেমের শুরুতেই আপনাকে ৩৫টি বুদ্বুদ (বাবল) দেওয়া হবে শিশু প্যান্ডাকে তার মা প্যান্ডার কাছে ফিরিয়ে দিতে।
বাবল শেষ হয়ে গেলে চলতি লেভেল নতুন করে খেলতে হবে অথবা ৯৯ সেন্ট দিয়ে অতিরিক্ত বাবল কিনতে হবে। অন্যান্য বাবল গেমের মতোই কোনো এক লাইনের তিন-চারটা বাবলের রং এক হয়ে গেলেই সেই অংশ মিলে যাবে। প্যান্ডা পপের প্রায় ৯০টি চ্যালেঞ্জিং ধাপের গ্রাফিকস, রং আর অ্যানিমেশন সহজেই মুগ্ধ করে।