শিশুদের অশ্লীল ছবি পোস্ট ঠেকাবে গুগল-ফেসবুক

বিশ্বজুড়ে অনলাইনের দুনিয়ায় শিশুদের ওপর যৌন নিপীড়ন বাড়ছে। সেখানে পোস্ট করা হচ্ছে শিশুদের কদর্য ছবি। এ ধরনের ছবি প্রকাশ ঠেকাতে কাজ করছে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান জন্য ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন (আইডব্লিউএফ)। এই প্রতিষ্ঠানটির সঙ্গে এক জোট হয়ে কাজ করতে যাচ্ছে গুগল, ফেসবুক ও টুইটার। এটি ইন্টারনেটের দুনিয়া থেকে শিশুদের লাখো অশ্লীল ছবি সরিয়ে ফেলার উদ্যোগ হতে পারে।
এই কাজে সহায়তার জন্য দাতব্য সংস্থাটি অশ্লীল ছবিগুলোর একটি বিশেষ তালিকা দিচ্ছে, যাতে বিশেষ হ্যাস কোড দিয়ে অশ্লীল ছবিগুলো শনাক্ত করা সম্ভব হয়। কম্পিউটার বিজ্ঞানে হ্যাস লিস্ট হচ্ছে একটি ফাইল বা এক সেট ফাইলের মধ্যে থাকা ডেটা ব্লকের হ্যাসের একটি তালিকা। এটিকে বিশেষ ফটো ট্যাগিং সিস্টেম বা ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমও বলে। খবর বিবিসির।
যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থাটির দাবি, বিশেষ এই ফটো ট্যাগিং সিস্টেমটি ব্যবহার করা হলে শিশু যৌন নিপীড়কদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হতে পারে। এটি এমন একটি পদ্ধতি, যাতে প্রতিটি ছবিকে একটি বিশেষ হ্যাস কোড দিয়ে শনাক্ত করা যায়। শিশুদের এ ধরনের অশ্লীল ছবিগুলোর হ্যাস লিস্ট পেলে গুগল, ফেসবুক ও টুইটার এগুলো তাদের সাইটে পোস্ট করা ঠেকাতে সক্ষম হবে।
নিরাপত্তা বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং স্বাগত জানিয়েছেন। তাঁরা বলছেন, ‘ডার্কনেটে’ ছড়িয়ে পড়া ছবি এই প্রক্রিয়ায় শনাক্ত করা বা নিয়ন্ত্রণ করা যাবে না। ডার্কনেট হচ্ছে নিয়ন্ত্রিত সংযোগ সুবিধার একটি নেটওয়ার্ক। সাধারণত এই নেটওয়ার্কে যৌন নিপীড়কেদের অশ্লীল ছবি পোস্ট করতে দেখা যায়।