শিশুদের জন্য আলাদা গুগল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুদের জন্য ইউটিউবের আলাদা সংস্করণ হতে পারে
শিশুদের জন্য ইউটিউবের আলাদা সংস্করণ হতে পারে

১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য অনলাইন অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা দেওয়ার পরিকল্পনা করেছে গুগল। এ অ্যাকাউন্টে অভিভাবক যাতে বিশেষ নজর রাখতে পারেন সে ধরনের সুবিধা থাকতে পারে। বার্তা সংস্থা রয়টার্স এক খবরে এ তথ্য জানিয়েছে।
শুধু শিশুদের ব্যবহার উপযোগী করে গুগলের ভিডিও-শেয়ারিং সাইট ইউটিউবের বিশেষ একটি সংস্করণ তৈরি হবে যাতে তাদের উপযোগী বিশেষ ভিডিও দেখার সুযোগ থাকবে। এ ছাড়াও শিশুদের জন্য আলাদা জিমেইল অ্যাকাউন্ট তৈরির সুযোগ দেবে গুগল কর্তৃপক্ষ। গুগল সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।

গুগল ও ফেসবুকের মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠান ১৩ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট করার সুবিধা দেয় না। কিন্তু ভুয়া তথ্য দিয়ে এই সাইটগুলোতে প্রচুর অ্যাকাউন্ট তৈরি করা হয়। এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করা কঠিন।
যুক্তরাষ্ট্রের ‘চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট’ বা সিওপিপিএ আইন অনুযায়ী ১৩ বছরের কম বয়সী শিশুদের তথ্য সংগ্রহ ও ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণবিধিমালা রয়েছে। কিন্তু অনেক অভিভাবক তাদের শিশুদের জন্য অনলাইন অ্যাকাউন্ট তৈরি করতে চান। এ প্রক্রিয়াটিকে আরও সহজ করতে এগিয়ে আসছে গুগল। অবশ্য গুগলের মুখপাত্র পিটার ব্যারন একে ‘গুজব ও অনুমাননির্ভর’ বলেছেন। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চান না তিনি।