শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট সচেতনতা নিয়ে চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের শিক্ষার্থী ও শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহারের জন্য সচেতনতা সৃষ্টিতে যৌথভাবে কাজ করবে ইউনিসেফ বাংলাদেশ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এ নিয়ে দুপক্ষের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ২০ অক্টোবর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুনুর রশিদ এবং ইউনিসেফ বাংলাদেশের পক্ষে এডওয়ার্ড বিগবেদার এ চুক্তিতে সই করেন। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহা পরিচালক বনমালী ভৌমিক উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টারনেট ও অনলাইন যোগাযোগ মাধ্যমে শিশু ও তরুণদের অংশগ্রহণ বাড়ছে। বাংলাদেশে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে ইন্টারনেট ব্যবহার প্রতি বছরে ৩ দশমিক ৩ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। ফলে অনলাইনে প্রদর্শিত বিভিন্ন আপত্তিকর বিষয় তাদের সামনে আসার ঝুঁকি বাড়ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ভবিষ্যতে শিশু ও কিশোরদের ইন্টারনেটের ক্ষতিকারক প্রভাব হতে রক্ষার ব্যবস্থা নিচ্ছে। এ লক্ষ্যে সচেতনতা সৃষ্টি, নীতিমালা তৈরি, ইন্টারনেট ব্রাউজিং নির্দেশিকা প্রণয়ন ও প্রতিপালনে সহায়তা দেবে।