শিশুদের জন্য বিশ্বমানের বিশেষায়িত ওটি এখন ঢাকায়

ঢাকার আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে উদ্বোধন হলো শিশুদের জন্য বাংলাদেশে জাতীয় পর্যায়ে প্রথম বিশ্বমানের বিশেষায়িত অপারেশন থিয়েটার। আজ বুধবার এটি উদ্বোধন করেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ও ন্যাশনাল আই কেয়ারের লাইন ডিরেক্টর অধ্যাপক জালাল আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অরবিস ইন্টারন্যাশনালের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু চক্ষুবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক মো. ফরহাদ হোসেন। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অপারেশন থিয়েটারটি স্পনসর করছে অরবিস ইন্টারন্যাশনাল। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং অরবিস মনে করছে, এ অপারেশন থিয়েটারটি বাংলাদেশে শিশুদের চক্ষুরোগ চিকিৎসায় একটি মাইলফলক সৃষ্টি করবে। তারা বলছে, এখান থেকে শিশুদের বিনা মূল্যে আন্তর্জাতিক মানের সেবা দেওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় অধ্যাপক জালাল আহমেদ এবং ডা. মুনীর আহমেদ এ অপারেশন ইউনিটটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য আন্তরিকভাবে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান।
চক্ষুচিকিৎসার ক্ষেত্রে মান বজায় রাখার প্রতি গুরুত্ব দিয়ে অধ্যাপক জালাল বলেন, ‘ভাল সেবা নিশ্চিত না করতে পারলে অতি মূল্যবান এ অপারেশন ইউনিটটির স্থাপন মূল্যহীন হয়ে পড়বে। কেবলমাত্র উন্নত মানের সেবা নিশ্চিত করার মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব।’
ডা. মুনীর আহমেদ বলেন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সরঞ্জাম ও সেবা আগের চেয়ে উন্নত হয়েছে। আগামী দিনগুলোতে সেগুলো আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডা. মুনীর বলেন, অরবিস হাসপাতালগুলোকে শুধু যন্ত্রপাতি ও সরঞ্জাম দেয় না, এটি পথ দেখায় কীভাবে উন্নত মানের সেবা নিশ্চিত করা যায়। তিনি আশা করেন, অপরিণত নবজাতকের দৃষ্টি সমস্যা নিয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল আরও বেশি কাজ করবে।