শিশুদের নামে মা বাবার রাজনৈতিক আদর্শের প্রকাশ

যুক্তরাষ্ট্রে শিশুদের নামের মধ্যেই খুঁজে পাওয়া যায় তাদের মা-বাবার রাজনৈতিক আদর্শ। শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমনটি দাবি করে বলছেন, উদারপন্থী রাজনৈতিক মানসিকতার মা-বাবা তাঁদের শিশুসন্তানের জন্য যে রকম নাম বাছাই করেন, তা রক্ষণশীল মা-বাবার পছন্দের চেয়ে আলাদা। রক্ষণশীলেরা সাধারণত প্রচলিত বা গতানুগতিক নামই পছন্দ করেন।অধ্যাপক এরিক অলিভারের নেতৃত্বে একদল গবেষক ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ২০০৪ সালে জন্মগ্রহণকারী পাঁচ লাখ ৪৫ হাজার ১৮ শিশুর জন্ম-পরবর্তী নথিপত্র থেকে ৫২ হাজার ৫৮৯টি ভিন্ন ভিন্ন নাম চিহ্নিত করেন। এ ছাড়া ২০০৪ সালের আদমশুমারি ও ভোটার তালিকাও বিবেচনায় নেওয়া হয়। মার্কিন নাগরিকদের মধ্যে মতাদর্শের ভিত্তিতে অঞ্চলভেদে একসঙ্গে বসবাসের প্রবণতা কোথাও কোথাও দেখা যায়। এভাবেই উদারপন্থী (ডেমোক্র্যাট) ও কট্টরপন্থী (রিপাবলিকান) অধ্যুষিত অঞ্চল চিহ্নিত করা হয়। গবেষকেরা বলেন, কট্টর রক্ষণশীল অধ্যুষিত অঞ্চলের ৪৬ শতাংশ ছেলেশিশুর নামই হয় অতিপ্রচলিত। যেখানে উদারপন্থী অধ্যুষিত এলাকায় এ হার ৩৭ শতাংশ। অপর দিকে, মেয়েশিশুর ক্ষেত্রে এ হার যথাক্রমে ৩৮ ও ৩০ শতাংশ। অবশ্য যুক্তরাষ্ট্রে মাত্র ২০ শতাংশ মানুষ রাজনৈতিক আদর্শ কঠোরভাবে মেনে চলে। লাইভসায়েন্স।