শিশুদের প্রিয় অ্যাপল পণ্য!
শুধু বয়স্ক কর্মজীবীরাই নন, অ্যাপল পণ্য শিশুদেরও ভীষণ পছন্দের। বিখ্যাত জরিপকারী প্রতিষ্ঠান নিয়েলসেনের করা সাম্প্রতিক এক জরিপে এ তথ্য জানা গেছে। নিয়েলসেনের তথ্য অনুযায়ী ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের পছন্দের তালিকায় অন্যতম প্রযুক্তিপণ্য হচ্ছে আইপ্যাড, আইপড টাচ বা আইফোন।সম্প্রতি যুক্তরাষ্ট্রে শিশুদের মধ্যে একটি জরিপ চালিয়েছিল নিয়েলসেন। এ জরিপের তথ্য অনুযায়ী, নতুন বছরে শতকরা ৪৮ শতাংশ শিশু উপহার হিসেবে বড় মাপের আইপ্যাড চেয়েছে, ৩৬ শতাংশ শিশু চেয়েছে আইপ্যাড মিনি ও আইপড টাচ আর ৩৩ শতাংশ শিশু চেয়েছে আইফোন। নিয়েলসেনের করা ২০১১ সালের জরিপেও হলিডে মৌসুমেও শিশুদের মধ্যে অ্যাপল পণ্যের প্রতি আগ্রহ দেখা গিয়েছিল। সেসময় তিন হাজার শিশুর মধ্যে চালান জরিপে ৪৪ শতাংশ শিশু আইপ্যাড চেয়েছিল, ৩০ শতাংশের পছন্দ ছিল আইপড টাচ আর ২৭ শতাংশ শিশুর পছন্দের পণ্য আইফোন।নিয়েলসেনের গবেষকেরা জানিয়েছেন, শিশুদের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে নিনটেনডো উয়ি ইউ গেমিং কনসোল। এ পণ্যটি পছন্দ করেছে ৩৯ শতাংশ শিশু। ২৯ শতাংশ শিশুর পছন্দ নিনটেনডো থ্রিডি, ২৮ শতাংশ নন থ্রিডি, ২৬ শতাংশ সনি প্লেস্টেশন৩, ২৫ শতাংশ পছন্দ করেছে মাইক্রোসফট এক্সবক্স৩৬০।অ্যাপল পণ্য ছাড়াও ৩১ শতাংশ শিশু কেবল কম্পিউটার পছন্দ করেছে আর ২৯ শতাংশ শিশু অন্যান্য ব্র্যান্ডের ট্যাবলেটে আগ্রহ দেখিয়েছে। ২০ শতাংশ শিশু আইফোন বাদে অন্যান্য স্মার্টফোন পছন্দ করেছে।