শিশুদের যৌন হয়রানির ছবি নেটে নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে শিশুদের যৌন হয়রানিসহ নির্যাতনের নানা ছবি প্রকাশ না করার ব্যাপারে সচেতন হয়ে উঠছে বিভিন্ন ওয়েবসাইট। এ ধরনের কোনো ছবি প্রকাশিত হলেও ওয়েবসাইটগুলো তা মুছে ফেলছে তাড়াতাড়ি। ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন (আইডব্লিউএফ) নামের একটি প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে। আইডব্লিউএফ ইন্টারনেটে শিশুদের যৌন হয়রানিসহ নগ্ন ছবি প্রকাশ এবং সমাজে এসবের নেতিবাচক প্রভাবের বিষয়টি পর্যবেক্ষণ করে থাকে। প্রতিষ্ঠানটি তাদের বার্ষিক প্রতিবেদনে জানায়, শিশুদের পর্নো ছবি প্রকাশ না করার জন্য অনেক দিন ধরেই অনুরোধ জানিয়ে আসছিলেন বিভিন্ন স্তরের মানুষ। কিন্তু এসব অনুরোধে বেশ দেরি করেই সাড়া দিয়েছে বিভিন্ন ওয়েবসাইট ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। ইন্টারনেটে শিশুদের পর্নো ছবি প্রকাশের হার অনেক কমে এসেছে। কিন্তু তার পরও এ ধরনের ছবি ও ভিডিও প্রকাশিত হচ্ছে। অনেকে খুব সতর্কতার সঙ্গে এসব ছবি ইন্টারনেটে ছাড়ছে, যাতে তাদের কেউ শনাক্ত করতে না পারে। আইডব্লিউএফ গত বছর যুক্তরাজ্যের বিভিন্ন ওয়েবসাইট থেকে শিশুদের পর্নো ছবি মুছে ফেলার জন্য ৭২টি অনুরোধ পাঠায়। ওয়েবসাইটগুলো সব কটি অনুরোধই রাখে। কিন্তু তার পরও ইন্টারনেটে শিশুদের পর্নো ছবি প্রকাশের হার কমেনি, বরং বেড়েছে। ২০১০ সালে এ রকম ছবি প্রকাশের হার বেড়েছে ৮৯ শতাংশ। আর যেসব সাইট এ ধরনের ছবি প্রকাশ করেই যাচ্ছে, তাদের সংখ্যা এক হাজার ৩০০। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান