সাক্ষাৎকার:শামসুদ্দিন আহমেদ, সাবেক যোগাযোগ কর্মকর্তা, ইউনিসেফ
শিশুদের শিক্ষার ব্যাপারে জোর দিতে হবে

প্রথম আলো: রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে শিশুদের জন্য কী কী বিষয় থাকা উচিত?
শামসুদ্দিন আহমেদ: শিশুদের জন্য রাজনৈতিক দলগুলোর আলাদা ভাবনা থাকা উচিত। শিশুদের ব্যাপারে আরও মনোযোগী হওয়া দরকার। কারণ, বর্তমান নেতৃত্ব যে শূন্যস্থান করে যাবে, সেটা পূরণ করবে আজকের শিশুরাই। তাই তারা যদি অপুষ্টিতে ভোগে, শারীরিকভাবে দক্ষ না হয়, বুদ্ধি-বিবেচনা কম হয়, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়, তাহলে তারা শূন্যস্থান পূরণ করতে পারবে না। দেশকে নেতৃত্ব দিতে পারবে না। তখন অযোগ্য নেতৃত্ব দিয়েই দেশ পরিচালিত হবে। তাতে দেশের সবার জন্যই ক্ষতিকর। তাই প্রতিটি রাজনৈতিক দলের প্রথম পাঁচটি এজেন্ডার একটি এজেন্ডা হওয়া উচিত—শিশুদের কীভাবে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা যায়, সেই প্রস্তাব রাখা।
প্রথম আলো: রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে শিশুদের কল্যাণের জন্য খুব কম প্রস্তাবই থাকে। এটা কেন হচ্ছে বলে আপনি মনে করেন?
শামসুদ্দিন আহমেদ: বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ভোটারকেন্দ্রিক। ভোট দেওয়ার বয়স ১৮ থেকে শুরু হয়। আর সে কারণে শিশুরা ভোট দিতে পারে না। এ কারণেই হয়তো শিশুদের বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হয় না। কিন্তু শিশুদের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে রাজনৈতিক দলগুলো খুবই কার্যকর ভূমিকা পালন করতে পারে।
প্রথম আলো: আপনি তো দীর্ঘদিন ইউনিসেফের সঙ্গে কাজ করেছেন। এই ইস্যুটি নিয়ে কি কখনো রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করেছিলেন?
শামসুদ্দিন আহমেদ: ১৯৯১ সালের সাধারণ নির্বাচনের আগে আমরা ইউনিসেফ থেকে পরিকল্পনা করলাম শিশুদের টিকা দেওয়ার বিষয়টি নির্বাচনী প্রচারণায় যুক্ত করে দেওয়া গেলে অনেক বড় একটি কাজ হবে। গেলাম শেখ হাসিনার কাছে। বললাম, তার নির্বাচনী এলাকাগুলোর প্রার্থীরা যদি প্রচারণার একটা অংশ হিসেবে শিশুদের টিকা দেওয়ার বিষয়টি বলে, তাহলে সেটি খুবই কার্যকরী হবে। তিনি রাজি হলেন। তিনি নিজে বিভিন্ন উপজেলায় চিঠি পাঠালেন যাতে শিশুদের টিকা দেওয়ার ব্যাপারটি প্রচারণার অংশ হিসেবে রাখা হয়। আবার ১৯৯৬ সালের নির্বাচনের আগেও আমরা বিভিন্ন দলের সঙ্গে কথা বলেছিলাম। শিশু সনদের বিভিন্ন এজেন্ডা থেকে চার-পাঁচটি বিষয় তাদের নির্বাচনী ইশতেহারে যুক্ত করতে সুপারিশ করেছিলাম। শুধু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আর জাতীয় সমাজতান্ত্রিক দলই তাদের ইশতেহারে শিশুদের অধিকার সম্পর্কিত কিছু এজেন্ডা রেখেছিল। আসলে রাজনৈতিক ব্যক্তিরা যেসব প্রত্যাশার কথা বলেন, তার অধিকাংশই বাস্তবায়ন হয় না। তার ওপর, তাঁরা শিশুদের অধিকার নিয়ে তেমন সচেতন নন। তাই শিশুদের অধিকারের বিষয়টি পাশ কাটিয়ে যান।
প্রথম আলো: আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে শিশুদের কোন কোন বিষয়গুলো অগ্রাধিকারের ভিত্তিতে থাকা উচিত?
শামসুদ্দিন আহমেদ: প্রথমত, শিশুদের বিষয়ে ভাবার আগেও যাঁদের নিয়ে ভাবা উচিত, তাঁরা হচ্ছেন প্রসূতি মা। তাঁদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে নজর বাড়াতে হবে। বিশ্বের উন্নত দেশের মায়েরা যে ধরনের চিকিৎসাসেবা পায়, আমাদের দেশের প্রত্যেক নারীকে সেই সেবা দেওয়ার ব্যাপারে নিশ্চয়তা দিতে হবে। আবার দেশের শিশুমৃত্যুর দিক থেকে যে বয়সের শিশুরা বেশি মারা যায়, তারা নবজাতক শিশু। এদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, শিশুদের শিক্ষার ব্যাপারে আরও জোর দিতে হবে। শিক্ষার মান উন্নয়ন করতে হবে। শিক্ষা ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে, তা দূর করার জন্য কর্মসূচি গ্রহণ করতে হবে। শিশুদের ঝড়ে পড়া রোধ করতে হবে। এই প্রতিশ্রুতিগুলো রাজনৈতিক দলগুলোকে দিতে হবে। আরেকটি বিষয়েও রাজনৈতিক নেতাদের দৃষ্টি রাখতে হবে। রাজনৈতিক দলগুলো অনেক সময় দরিদ্র শিশুদের দিয়ে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করে। তারা কখনোই তাদের নিজেদের সন্তানদের দিয়ে এসব কাজ করানোর কথা ভাবতে পারবে না। যেমন পিকেটিং করা, বোমা বহন করা। অনেক ক্ষেত্রে বোমা ছোড়ার জন্য শিশুদের ব্যবহার করা হয়। পুলিশের গুলিতে শিশুরা মারা যায়। শিশুদের কোনো ধরনের ঝুঁকির মধ্যে ঠেলে দেবে না—এই অঙ্গীকার করতে হবে রাজনৈতিক দলগুলোকে। শিশুদের নিজস্ব অধিকার রয়েছে, তাদের রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ, এটা রাজনৈতিক নেতাদের বিশ্বাস করতে হবে।