শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আবুল মকসুদ
সৈয়দ আবুল মকসুদ

প্রথম আলো: আপনি তো শুধু সমাজসচেতন লেখক ও নাগরিক সমাজের একজন প্রতিনিধি নন; সুশাসন ও নির্বাচন নিয়ে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। একসময় ছিলেন ইন্টারন্যাশনাল ক্লাব অব জার্নালিস্ট ফর চিলড্রেনস রাইটসের বাংলাদেশ শাখার মহাসচিব। বাংলাদেশে শিশু অধিকার সম্পর্কে রাজনৈতিক দলগুলোর মনোভাব কেমন?
সৈয়দ আবুল মকসুদ: তৃতীয় বিশ্বের অর্থনৈতিকভাবে অনুন্নত দেশগুলোতে শিশুরা অবহেলিত। পরিবারে বাবা-মা, ভাইবোনদের স্নেহ-ভালোবাসার বাইরে সমাজ ও রাষ্ট্র থেকে তাদের প্রতি দৃষ্টি দেওয়া হয় কমই। শিশুরাই সমাজের সৌন্দর্য। শিশুরা আছে বলেই সমাজ স্নেহ-ভালোবাসায় পরিপূর্ণ। আমরা সব সময় মানবাধিকারের কথা বলি, কিন্তু শিশুদের যে নিজস্ব কিছু আলাদা অধিকার রয়েছে, সে সম্পর্কে সমাজ ও রাষ্ট্র নীরব। আশির দশকে ইউনিসেফের উদ্যোগে গঠিত হয়েছিল ‘ইন্টারন্যাশনাল ক্লাব অব জার্নালিস্ট ফর চিলড্রেনস রাইটস’ সংক্ষেপে আইসিজিসিআর। তার প্রধান কার্যালয় ছিল রোমে। ইউনিসেফের উদ্যোগে পৃথিবীর কয়েকটি দেশে তার শাখা গঠিত হয়েছিল। ঢাকার জাতিসংঘের অফিসের উদ্যোগে গঠিত হয়েছিল বাংলাদেশ চ্যাপ্টার। কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাতা রোকনুজ্জামান খান দাদাভাই নির্বাচিত হয়েছিলেন চেয়ারম্যান, আমি সেক্রেটারি জেনারেল। বিজ্ঞানবিষয়ক খ্যাতিমান লেখক আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীনসহ ১০-১২ জন ছিলেন নির্বাহী কমিটির সদস্য। আমরা সচেতনতা সৃষ্টির জন্য কিছু কাজ করেছিলাম। কিন্তু ইউনিসেফ থেকে বা রোমের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রতিশ্রুত অর্থ না দেওয়ায় সংগঠনটি নিষ্ক্রিয় হয়ে যায়। দাদাভাই মারা যাওয়ার পর একেবারেই বন্ধ হয়ে যায়। আমার মনে আছে, ১৯৯১ ও ১৯৯৬-এর সাধারণ নির্বাচনের সময় শিশুদের নির্বাচনী কার্যক্রমে ব্যবহারের বিরোধিতা করে কিছু কাজ করেছিলাম। লেখালেখি ও প্রচার-প্রচারণা করেছিলাম। লিফলেট বের করেছিলাম। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছিলাম। তবে সাড়া পেয়েছি খুবই সামান্য। দলগুলো কথা রাখে না।
প্রথম আলো: রাজনৈতিক দলগুলোর ইশতেহারে শিশুদের অধিকার, সুযোগ-সুবিধা দেওয়ার অঙ্গীকার কতটুকু থাকে?
সৈয়দ আবুল মকসুদ: দলগুলোর ইশতেহারে এবং নির্বাচনী ইশতেহারে কত কথাই থাকে। প্রতিশ্রুতিতে ভরপুর। তবে কাগজে কোনো কথা লেখা থাকার চেয়ে বেশি জরুরি কাজ দিয়ে প্রমাণ করা। শ্রেণীবিভক্ত সমাজে শিশুদেরও শ্রেণী রয়েছে। বিত্তবান পরিবারের শিশু আর দরিদ্র পরিবারের এবং বস্তির শিশু সমান নয়। আমাদের দেশে বড় রাজনৈতিক দলগুলো শিশুদের বিশেষ করে দরিদ্র পরিবারের শিশুদের রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার করে। শুধু গরিবেরা নয়, অন্য শিশুরাও নানাভাবে ব্যবহূত হয়। মাঝে মাঝেই আমরা কাগজে দেখি, কোনো মন্ত্রী, সাংসদ বা পদস্থ আমলা কোনো এলাকায় যাবেন, তাঁদের অভ্যর্থনা জানানোর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রোদ বা বৃষ্টির মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখে। এটা বড় অপরাধ। শিশুরা নিজেদের অধিকারের কথা নিজেরা বলতে পারে না। তাদের সেই দুর্বলতার সুযোগ ব্যবহার করে ক্ষমতাবানেরা। সর্বজনীন প্রাথমিক শিক্ষাটাও আমরা কার্যকর করতে পারিনি। শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। শিশু স্বাস্থ্যের ব্যাপারে আমাদের রাষ্ট্র উদাসীন। বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষে শিশুরা অংশগ্রহণ না করেও ক্ষতিগ্রস্ত হয়। এসব প্রশ্নে আমাদের রাজনৈতিক দলগুলোর কোনো পদক্ষেপ নেই। তাছাড়া আমাদের সহিংস রাজনৈতিক সংস্কৃতিতে হরতাল-বিক্ষোভ কর্মসূচি লেগেই আছে। হরতাল প্রভৃতিতে শিশুদের যেভাবে ব্যবহার করা হয় তা শিশু অধিকার লঙ্ঘন শুধু নয়, জঘন্য অপরাধ। বোমায় বহু শিশুর প্রাণ যাচ্ছে। কেউ হচ্ছে পঙ্গু। নেতাদের কাছে দলীয় ও ব্যক্তিস্বার্থই বড়, শিশুদের অধিকার নয়। এসব বন্ধ করতে হবে।

প্রথম আলো: আগামী নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলো যে ইশতেহার তৈরি করবে, সেখানে শিশুদের কোন কোন বিষয়গুলো থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন?

 সৈয়দ আবুল মকসুদ: আগামী নির্বাচনের আগে আমরা দাবি করব, বড় দলগুলো তাদের ইশতেহারে শিশুদের অধিকার সম্পর্কে সুস্পষ্ট ঘোষণা দেবে। শিশু নির্যাতন প্রতিরোধে আইন আছে। আইন থাকাটাই বড় কথা নয়, আইনের কঠোর প্রয়োগ চাই। দরিদ্র শিশুরা ওই আইনের সুবিধা খুব কমই পায়। আমার দাবি, শিশুদের ব্যাপারে প্রত্যেক দলের একটি করে সেল থাকতে হবে। তারা শিশুদের অধিকার হরণ ও নির্যাতন প্রভৃতি বিষয়ে পর্যবেক্ষণ করবে। শিশুরা যেসব বঞ্চনার শিকার হয়ে থাকে, তা দূর করতে প্রত্যেক দলের সুস্পষ্ট অঙ্গীকার থাকতে হবে। তাছাড়া ১৬ বছরের কম বয়সী শিশুদের কোনো রকম রাজনৈতিক কর্মসূচিতে বা নির্বাচনী কাজে ব্যবহার করা যাবে না। যদি কোনো দল করে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা থাকতে হবে প্রশাসনের দিক থেকে। ভালো ও কার্যকর গণতন্ত্রের জন্য শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সে দায়িত্ব রাষ্ট্র যেমন নেবে, তেমনি দলগুলোকেও নিতে হবে।