শিশুর অনিদ্রা?

শিশুসন্তান রাতে ঘুমাতে না পারলে মা-বাবা অনেক দুশ্চিন্তায় পড়ে যান। কিন্তু এতে সব সময় আশঙ্কার কারণ নেই বলে আশ্বস্ত করছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। তাঁরা বলছেন, জন্মের পর প্রথম তিন বছরে শিশুর ঘুমের ধরনে পার্থক্য থাকা স্বাভাবিক। শারীরিক অবস্থা, স্থান পরিবর্তন বা অন্যান্য কারণে শিশুর ঘুমের অভ্যাস পরিবর্তিত হতে পারে। জার্নাল অব দি আমেরিকান অ্যাসোসিয়েশন অব নার্স প্র্যাকটিশনার্স সাময়িকীর অনলাইন সংস্করণে এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, শিশুর ঘুমের ধরন প্রাপ্তবয়স্ক মানুষের চেয়ে ভিন্ন। আশপাশে মা-বাবার সজাগ উপস্থিতির কারণে শিশুর ঘুমে সাধারণত নেতিবাচক প্রভাব পড়ে না। পেনসিলভানিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষক রবিন ইউরি বলেন, রাতে শিশুর জেগে থাকার কারণ নির্ধারণ করার জন্য চিকিৎসকেরা মা-বাবাকে সহযোগিতা করতে পারেন। আইএএনএস।