শিশুর তথ্যপ্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সবার সচেতনতা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের ক্ষেত্রে শিশুর নিজের, অভিভাবকের, তার শিক্ষক-শিক্ষিকার এবং সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সবার আরও বেশি সচেতনতা দরকার। তবেই আমরা তথ্যপ্রযুক্তিকে শিশুদের জন্য নিরাপদ ও শিশুবান্দব করতে পারব। ঢাকার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনারকক্ষে ‘চতুর্থ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব-২০১১’ উপলক্ষে গতকাল মঙ্গলবার ‘তথ্যপ্রযুক্তি ব্যবহারে শিশুদের ঝুঁকি’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধে এ কথা বলা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি-ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন। তিনি আরও বলেন, পরিমিতভাবে এবং প্রয়োজনে তথ্যপ্রযুক্তির ব্যবহার শিশুদের জন্য নিরাপদ হতে পারে। চলচ্চিত্র উৎসবের সমন্বয়ক শেখ সাজিদের সঞ্চালনায় সেমিনারে অংশ নেন দেশের বিভিন্ন বিদ্যালয়ের অর্ধশতাধিক শিশু ও তাদের অভিভাবকেরা। শেখ সাজিদ বলেন, ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আর প্রযুক্তি হলো আমাদের উন্নয়নের অন্যতম হাতিয়ার। তাই আমাদের উন্নয়নের কথা চিন্তা করেই শিশুদের জন্য প্রযুক্তির নিরাপদ ও ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে।’ সেমিনারে শিশুরাও তথ্যপ্রযুক্তির নিরাপদ ব্যবহার সম্পর্কে তাদের উন্মুক্ত মতামত ব্যক্ত করে। তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি-উপকরণ সমাজের সর্বস্তরের শিশুদের জন্য কতটা সহজলভ্য করা যেতে পারে, এ বিষয়ে তারা সুচিন্তিত ধারণা ব্যক্ত করে। —মোহাম্মাদ আলী