শিশুর প্রথম স্কুল-প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট শিশুদের প্রথমবার বিদ্যালয়ে পাঠানোর আগে কিছু প্রস্তুতি থাকা জরুরি। গান শুনিয়ে বা নানা রকমের খেলার মধ্য দিয়ে তাদের আত্মনিয়ন্ত্রণের ধারণা দিতে হবে। এতে করে তারা বিদ্যালয়ের নতুন পরিবেশে গিয়ে সহজে মানিয়ে নিতে পারবে।
যুক্তরাষ্ট্রে নতুন এক গবেষণার ভিত্তিতে একদল বিজ্ঞানী এ পরামর্শ দিয়েছেন। এ গবেষণা প্রতিবেদনটি আর্লি চাইল্ডহুড রিসার্স কোয়ার্টারলি সাময়িকীতে সম্প্রতি প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, অনেক শিশু স্কুলে যেতে ভয় পায়। নিম্ন আয়ের পরিবারে বেড়ে ওঠা শিশু এবং যাদের মাতৃভাষা ইংরেজি নয়, তাদের স্কুলে পাঠানোর ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণের দক্ষতা অর্জনের বিষয়টি সবচেয়ে কার্যকর। এ দক্ষতা শিশুকে পড়ালেখায় মনোযোগী করতে, নিজ অভিভাবক-শিক্ষকদের নির্দেশনা মানতে, কাজে ডুবে থাকতে এবং বিরূপ পরিস্থিতিতে টিকে থাকার উপযোগী হতে সহায়তা করে। কাজেই এ ধরনের প্রস্তুতি কিন্ডারগার্টেন ও কিন্ডারগার্টেন-পরবর্তী শিক্ষার ক্ষেত্রে শিশুর সাফল্য লাভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের অরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষক মেগান ম্যাকক্লিল্যান্ড বলেন, কিন্ডারগার্টেনে ভর্তির পরপরই অধিকাংশ শিশু নতুন পরিবেশের সঙ্গে নিজেকে সহজে মানিয়ে নেয়। কিন্তু ২০ থেকে ২৫ শতাংশ শিশু সমস্যায় পড়ে। আর এসব সমস্যার সম্পর্ক রয়েছে আত্মনিয়ন্ত্রণের দক্ষতার সঙ্গে।
ঝুঁকিপ্রবণ শিক্ষার্থীদের মানসিকতার উন্নয়নে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় অর্থায়নে পরিচালিত বিভিন্ন কর্মসূচির অধীন ২৭৬টি শিশুকে এই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়। প্রতি সপ্তাহে ২০ থেকে ৩০ মিনিটের দুটি সেশনে আট সপ্তাহ ধরে চালানো হয় গবেষণা। এ সময় গবেষণা সহযোগীরা শ্রেণিকক্ষে গিয়ে শারীরিক নড়াচড়া ও গানে গানে খেলাধুলার মধ্য দিয়ে শিশুদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ দক্ষতা তৈরির চেষ্টা চালান। এতে দেখা যায়, ওই শিশুদের যারাই এই প্রক্রিয়ার মধ্যে নিজেদের সম্পৃক্ত করেছে, তারা আত্মনিয়ন্ত্রণ-দক্ষতা অর্জনে দুটি বিষয়ে সাফল্য দেখিয়েছে। গাণিতিক দক্ষতায়ও অন্যদের চেয়ে ভালো সাফল্য দেখিয়েছে তারা। আইএএনএস।