
বাংলাদেশের মোট জনসংখ্যার ৪৫ শতাংশ শিশু। এদের বয়স ১৮ বছরের নিচে। কিন্তু দেশের রাজনৈতিক দলগুলোর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে শিশুদের বিষয়গুলো পুরোপুরি উপেক্ষিত।
শিশু অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরা বলছেন, দেশে শিশু অধিকার বাস্তবায়নে বিগত বছরগুলোতে বেশ কিছু বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হয়েছে। শিশুদের লক্ষ রেখে বেশ কিছু নীতিমালা ও আইন প্রণয়ন হয়েছে, বাজেটে বরাদ্দও কিছুটা বেড়েছে। ফলে কমেছে শিশুমৃত্যুর হার, অপুষ্টির হার। বেড়েছে স্কুলে ভর্তির হার । কিন্তু এত কিছুর পরেও শিশুদের দুরবস্থা রয়েই গেছে। তাদের নিয়ে রাজনীতিবিদদের খুব একটা চিন্তাভাবনা নেই ।
এ ব্যাপারে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (বিএসএএফ) এবং চাইল্ড রাইটস গভর্নেন্স অ্যাসেম্বলির (সিআরজিএ) চেয়ারপারসন মো. এমরানুল হক চৌধুরী মনে করেন, শিশুরা ভোটার নয়, তাই রাজনৈতিক দলগুলো তাদের বিষয়ে খুব একটা গুরুত্ব দেয় না। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমরা লক্ষ করেছি, দেশের রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডে শিশুদের সার্বিক উন্নয়ন বিষয়টি তেমন গুরুত্ব পায় না। বিশেষ করে দলগুলোর নির্বাচনী ইশতেহারে শিশুদের কল্যাণের বিষয়গুলো উপেক্ষিত থাকে। কিন্তু শিশুরা ভোটার নয় বলে তাদের অবহেলা করা যাবে না। তাদের উন্নয়ন না ঘটলে জাতির উন্নয়ন-আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে না। শিশুদের অধিকার বাস্তবায়ন এবং কাঙ্ক্ষিত উন্নয়ন এখনো অনেক পিছিয়ে রয়েছে। রাজনৈতিক দলগুলো এই দায়িত্ব এড়াতে পারে না। রাজনৈতিক দলের কৌশলগত পরিকল্পনায় শিশু অধিকার ও তাদের উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাওয়া অতীব জরুরি।’
বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক তথ্য অনুযায়ী বর্তমানে দেশের অর্থনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত শিশুর সংখ্যা ৭৪ লাখের বেশি। এই শিশু শ্রমিকদের মধ্যে ঝুঁকিপূর্ণ শ্রমে নিযুক্ত প্রায় ৫৬ শতাংশ, বাল্যবিবাহের শিকার ৬৬ শতাংশ। অপুষ্টির কারণে এখনো শিশুমৃত্যুর হার অনেক। পরিসংখ্যান ব্যুরোর ২০১২ সালে করা আদম শুমারি অনুযায়ী বর্তমানে দেশে পথশিশুর সংখ্যা প্রায় ১০ লাখ।
সরকারি হিসাবে বিদ্যালয়ে ভর্তির হার যদিও ৯৯ দশমিক ৪৭ শতাংশ। কিন্তু প্রাথমিক স্তরে ঝরে পড়ার হার ৩৮ শতাংশ এবং মাধ্যমিক স্তরে এ হার প্রায় ৫৫ শতাংশ। বাংলাদেশে প্রাইমারি এডুকেশন অ্যানুয়াল সেক্টর পারফরমেন্স রিপোর্ট ২০১২ অনুযায়ী, বর্তমানে ছয় থেকে ১০ বছর বয়সী প্রায় ২৬ লাখ শিশু বিদ্যালয়ে যাচ্ছে না। প্রতি মাসে ২০০-৪০০ জন শিশু পাচার হয়ে যাচ্ছে। এ ছাড়া প্রতিদিন শত শত শিশু নানা ধরনের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হচ্ছে। প্রতিবন্ধী শিশুরাও এর বাইরে নয়।
একরামুল হক বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের জনগোষ্ঠীর বিশাল অংশ শিশুদের নিয়ে আলাদাভাবেই ভাবতে হবে এবং তা নির্দলীয় দৃষ্টিভঙ্গি থেকে।’ তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশে বহু সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শিশুদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। এদের সঙ্গে নিয়ে রাজনৈতিক দলগুলোকে কাজ করতে হবে।’
অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু বলেন, আসলে শিশুদের নিয়ে এ দেশের রাজনীতিবিদেরা কিছুই ভাবেন না। এ জন্য রাজনৈতিক দলগুলোর ইশতেহারে শিশুদের জন্য অনেক প্রতিশ্রুতি থাকলেও তার বাস্তবায়ন ঘটে খুব কম। কিন্তু একটি জাতির উন্নয়ন করতে চাইলে রাজনৈতিক দলগুলোকে শিশুদের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে সচেতন হতে হবে। বাংলাদেশের সীমানার মধ্যে কোনো শিশুই যেন নির্যাতন, নিপীড়ন ও বৈষম্যের শিকার না হয় তা নিশ্চিত করতে হবে।
আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে তিনি দেখতে চান—উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে শিশুদের ওপর সব ধরনের সহিংসতা ও বৈষম্য নিরসনের অঙ্গীকার করবে সব দল। যে দলই ক্ষমতায় আসুক, জাতীয় বাজেট প্রণয়নে ও বার্ষিকী পরিকল্পনায় শিশুদের স্বার্থকে ‘সর্বোত্তম স্বার্থ’ হিসেবে গুরুত্ব দেবে।
ওয়াহিদা বানু বলেন, শিশুরা যেন কোনোভাবেই বাল্যবিয়ে, যৌতুক, পাচার, পর্নোগ্রাফি ও সাইবার অপরাধের শিকার না হয় এবং ভিক্ষাবৃত্তি বা ঝুঁকিপূর্ণ শ্রমে যাতে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ও চাইল্ড রাইটস কমিটির সভাপতি কাজী রিয়াজুল হক বলেন, দলগুলোর আসন্ন নির্বাচনী ইশতেহারে বাল্যবিয়ে নিরোধের বিষয়টি থাকা উচিত। কারণ, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ পৃথিবীর ১০টি সর্বোচ্চ বাল্যবিয়ে অনুষ্ঠিত হওয়া দেশের মধ্যে একটি।
তিনি বলেন, আন্তর্জাতিক শিশু সনদ এবং শিশু আইনসহ দেশের প্রচলিত আইনে প্রতিটি শিশুকে তাদের সুষ্ঠু শারীরিক ও মানসিক বিকাশ লাভের জন্য শিক্ষা, খেলাধুলা, খাদ্য ও পুষ্টি, শিশুতোষ বিনোদনের সর্বোত্তম ব্যবস্থাসহ শিশুদের সব ধরনের নির্যাতন ও বৈষম্যমূলক আচরণ থেকে আত্মরক্ষার ব্যবস্থার কথা বলা হয়েছে। কিন্তু আমাদের দেশের বেশির ভাগ শিশু এসব অধিকার থেকে বঞ্চিত। শুধু ভোটার না হওয়ার কারণে তারা এসব অধিকার থেকে বঞ্চিত হবে, তা মেনে নেওয়া যায় না।