শিশুশিক্ষায় চাই প্রযুক্তির ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুরা শিক্ষার মাধ্যম হিসেবে প্রযুক্তির সুবিধা ব্যবহার করছে। শিশুদের বয়স উপযোগী বিভিন্ন অ্যাপ্লিকেশনের (অ্যাপস) মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে প্রাথমিক শিক্ষার উপকরণ। মাইক্রোপ্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল এবং ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত ‘শিশুর জন্য প্রযুক্তি’ শীর্ষক একটি অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে ইন্টেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়া মঞ্জুর বলেন, ‘আমরা এমন একটি সময়ে বসবাস করছি, যেখানে প্রযুক্তির সঙ্গে আমাদের সমন্বয় করে চলতে হচ্ছে। শিশুদের জীবনেও প্রযুক্তির প্রভাব কম নয়, সেটিকে শিক্ষামূলকভাবে উপস্থাপন করলে তাদের জীবনযাত্রার মান বদলে যাবে।’

ব্রিটিশ কাউন্সিলের প্রশিক্ষণ ও উন্নয়নের জ্যেষ্ঠ পরামর্শক আলেকসান্দ্রা টায়ারস বলেন, শিশুশিক্ষার ক্ষেত্রে শ্রেণীকক্ষে শিক্ষকদের পাঠদান পদ্ধতিকে আরও বেশি আন্তরিক এবং যুগোপযোগী করতে হবে। শিশুদের শেখাতে হবে খেলার ছলে। এ ছাড়া তিনি ব্রিটিশ কাউন্সিল কর্তৃক নির্ধারিত শিশুশিক্ষার একটি অ্যাপ নিয়ে বিস্তরিত আলোচনা করেন।

অনুষ্ঠানে আইসিডিডিআরবির হেড অব চাইল্ড ডেভেলপমেন্ট জেনা ডি. হামদানি এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা বক্তৃতা করেন। শিশুদের কোন সময়ে প্রযুক্তি ব্যবহারের জন্য উৎসাহ দিতে হবে, সে ব্যাপারে আলোচনা করেন বক্তারা।

—মো. রাফাত জামিল